ইরাক ও সিরিয়া নিয়ে তিন আরব দেশের বৈঠক
মিশর, জর্ডান এবং বাহরাইনের নেতারা ইরাক ও সিরিয়ার ব্যাপারে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছেন।
আলোচনা শেষে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক, জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ইশা আল খলিফা এ ব্যাপারে কোনও মন্তব্য না করলেও মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র সুলেইমান আওয়াদ সাংবাদিকদের বলেন, তারা ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া সফল করতে সহায়তা করবেন বলে একমত হয়েছেন। তিন দেশের প্রধান সিরিয়া এবং লেবাননের ব্যাপারে আলোচনা করেছেন বলে জানালেও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানাননি। লেবাননের প্রধান মন্ত্রী রফিক হারিরির হত্যার ব্যাপারে জাতিসংঘের তদন্তের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মিশর জাতিসংঘের অনুসন্ধানকারী দলের প্রতিবেদনের পূর্বে কোনও সিদ্ধান্তে গ্রহণ বা সিরিয়াকে অভিযোগ করা উচিত হবে না বলে মনে করে।
এছাড়াও নেতারা ফিলিস্তিন কর্তৃপক্ষকে সমর্থন এবং সে দেশের অর্থনীতিতে সহায়তার ব্যাপারে মতৈক্য পোষণ করেন।
ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারন এবং ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের মধ্যকার মঙ্গলবারের নির্ধারিত সম্মেলন স্থগিত করার পর তিন দেশের নেতারা এ আলোচনায় বসেন। এছাড়া পশ্চিম তীরকে ফিলিস্তিনের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে বলে জানা যায়।
