যুক্তরাজ্যে স্তন ক্যান্সার প্রতিরোধ হার বেড়েছে
যুক্তরাজ্যে স্তন ক্যান্সার প্রতিরোধের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীরা নতুন করে জীবনকে উপভোগ করছেন। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
১৯৯০ সালের শুরুতে শতকরা ৪৪ শতাংশ রোগীর দেহে ক্যান্সার নির্ণয় করার পর প্রতিরোধ ব্যবস্থার কারণে তাদের জীবনের আয়ু বেড়েছে আরও ২০ বছর। বর্তমানে এ হার বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৬৪ শতাংশ।
প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়, চিকিৎসা, উন্নত ওষুধ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সহায়তায় মরণব্যাধির হাত থেকে রক্ষার হার বেড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
যুক্তরাজ্য ক্যান্সার রিসার্চের অধ্যাপক মিশেল কোলম্যান বলেন, সার্বিকভাবে গত ১০ বছরে মহিলাদের স্তন ক্যান্সার প্রতিরোধ হার অনেক বেড়েছে। বিশেষ করে ৫০ ও ৬০ বছর বয়সী মহিলাদের মধ্যে এই হার অনেক বেশি।
স্তন ক্যান্সারের হার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রতিরোধ হারও। প্রতি বছর ৪১ হাজার রোগীর দেহে ক্যানসারের লক্ষণ নির্ণয় করা হয়। পরিবেশ রাসায়নিকের কারণে স্তন ক্যান্সার বাড়ছে বলে সোমবার ইকোনোমিক অ্যান্ড সোশাল রিসার্চ কাউন্সিলের পৃথক একটি প্রতিবেদনে বলা হয়।
