২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইর্য়কে কড়া নিরাপত্তা, ষড়যন্ত্রকারীরা এখনও যুক্তরাষ্ট্রে থাকার আশংকা

নিউইর্য়ক পাতার রেলে হামলার আশংকা এখনও উড়িয়ে দেয়নি মার্কিন নিরাপত্তা বাহিনী। রোববার সাপ্তাহিক ছুটির দিনও সর্বোচ্চ কড়া নিরাপত্তার মধ্যে নিউইর্য়কবাসীদের চলাফেরা করতে হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

তদন্তকারীরা বলছে, হামলার হুমকির সাথে জড়িত দুস্কৃতিকারীরা এখনও যুক্তরাষ্ট্রে রয়ে গেছে।

গত ৮ অক্টোবর বৃহস্পতিবার নিউইর্য়ক পাতাল রেলে বোমা হামলার হুমকির পর থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখনও অব্যাহত রয়েছে। সশস্ত্র বাহিনী পেন স্টেশন, গ্রান্ড কেন্দ্রীয় টার্মিনাল ও বন্দর কর্তৃপক্ষের বাস স্টেশনে টহল দিয়ে বেড়াচ্ছে। পোষাকধারী পুলিশ ছোট ছোট সাবওয়ে স্টেশন ও ম্যানহাটনের বাইরে গাড়ী থামিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাসী চালিয়ে গেলেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার করতে পারেনি। সোমবার কলম্বাস ডে, ফেডারেল ছুটির দিনও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিউইর্য়কবাসীদের চলাচল করতে হবে।

নিউইর্য়ক সিটি পুলিশ কমিশনার রে কেলি বলেন, হামলার আশংকা এখনও উড়িয়ে দেয়া যাচ্ছে না। প্রতি ঘন্টা পর পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। এই হামলা আতংকের সাথে জড়িত সন্দেহে ইরাকে দু’জনকে আটক করা হয়েছে। তৃতীয় জনকে নিউইর্য়কে খোঁজা হচ্ছে।

নিউইর্য়কের মেয়র মাইকেল ব্লোমবার্গ হামলার সম্ভাব্যতা নিয়ে সন্দেহ পোষণ করেন। তিনি নিরাপত্তার নামে এতো কড়াকড়ি না করে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। জনগনও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যাতায়াত করতে গিয়ে বেশ বিরক্ত এবং বিব্রতবোধ করছে।

আগামী মাসে মেয়র নির্বাচনে পুন:রায় নির্বাচিত হতে চাওয়া ব্লোমবার্গ নিউইর্য়কবাসী ও সফরকারীদের আতংকিত না হয়ে স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।