উত্তর ভারতে সহিংসতায় নিহত ১২
ভারতের সংঘাতপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে পৃথক ঘটনায় পাঁচ জঙ্গিসহ ১২ জন নিহত হয়েছে। জাতিগত বিদ্রোহীরা দেড় শতাধিক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বলে কর্মকর্তারা জানান।
আসামের রাজধানী গৌহাটি থেকে ২৮৫ কিলোমিটার পূর্বে করবি আংলঙ জেলার বরসিং বে গ্রামে দিমাসা উপজাতিরা সাতজন করবি উপজাতীয় গ্রামবাসীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে।
পুলিশ কর্মকর্তা এ দাস জানান, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জঙ্গিরা গ্রামটি ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে সাতজনের মাথা ছিন্ন করে। পূর্ব আসামে দিমাসা উপজাতীদের স্বাধীন মাতৃভূমির জন্য যুদ্ধরত দিমা হালোম দাওগা বিদ্রোহী গ্রুপ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।
একই জেলায় অপর এক দুর্ঘটনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দু’জন করবি উপজাতি জঙ্গি নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় করবি উপজাতিরা দিমাসা উপজাতিদের গ্রামে হামলা চালিয়ে ৮০টি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পরপরই দিমাসার উত্তেজিত জনতা পার্শ্ববর্তী গ্রামে হামলা চালিয়ে করবিদের ৫০টি বাড়িঘর জ্বালিয়ে দেয় বলে পুলিশ সূত্র জানায়। উভয় গ্রুপের প্রায় এক হাজার লোক সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে।
পার্শ্ববর্তী মনিপুর রাজ্যে শনিবার সেনাবাহিনী নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) তিনজন জঙ্গিকে গুলি করে হত্যা করে। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেলসহ বিপুল গোলাবারুদ পাওয়া গেছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র লে: কর্ণেল এস ডি গোস্বামী।
ভারতের আসাম ও মনিপুর রাজ্যে গত দুই দশকে কমপক্ষে ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে।
