ভারত ও পাকিস্তানের ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৮ হাজার
পাকিস্তান জানিয়েছে, শনিবারের ভয়াবহ ভূমিকম্পে সেখানে ১৮ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। দক্ষিণ ভারত এবং আফগানিস্তানেও মারাত্মক আঘাত হানে এ ভূমিকম্প।
রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইসলামাবাদের ৮০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে।
সামরিক মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান বলেন, আরও ৪০ হাজার লোক আহত হয়েছে বলে তারা ধারণা করছেন।
ভূমিকম্পের ভয়াবহতায় প্রাণহানির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও জাতিসংঘ মহাসচিব কফি আনান গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন দেশ থেকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কফি আনান ত্রাণ কর্মসূচিতে সহায়তা করতে জাতিসংঘের একটি দল প্রেরণের ঘোষণা দেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র এক লাখ ৭৭ হাজার পাউণ্ড অর্থ সাহায্য ও ৬০ জনের একটি মেডিকেল টিম পাঠানো প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এক লাখ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
ভারত সরকার ভূমিকম্পে নিহতদের পরিবার প্রতি এক হাজার রুপি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। দুর্গতদের জন্য তাঁবু, কম্বল, ওষুধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূমিকম্প কবলিত এলাকায় বিদ্যুৎ ও খাবার পানি এবং যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। হাসাপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল ও বাড়তি সময় দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে বেশ কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে।
প্রথম ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। এক শতাব্দীর মধ্যে এ ভূমিকম্পটিই এ অঞ্চলের ভয়াবহ ভূমিকম্প।
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও কাশ্মিরে তিন হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।
পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভূমিকম্প কবলিত এলাকা সফর করেছেন। তিনি বলেন, ভূমিকম্প জাতির জন্য একটি পরীক্ষা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পর্যবেক্ষণ কেন্দ্র ও সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, শুক্রবার সকালে (০৩৫০ জিএমটি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৯৫ কিলোমিটার উত্তর ও পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়।
এদিকে ভারতীয় সরকারি আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতে রিক্টার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি পাকিস্তানের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, কাশ্মির এবং আফগানিস্তানের বিভিন্ন অংশে অনুভূত হয়।
পাকিস্তানের পুলিশ প্রধান বলেন, শুধুমাত্র উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেই ১৭শ’রও বেশি লোক নিহত হয়েছে। এখানে একটি স্কুল ভবন ধসেই নিহত হয়েছে আড়াইশ’র বেশি শিশু। ভূমিধস ও ধংসস্তুপের নিচে চাপা পড়ে ২০০ জন সেনা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তিনশ’ লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন ভারতীয় সেনাও রয়েছে। ভূমিকম্প কবলিত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
