দক্ষিণ এশিয়ায় ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বাড়ছেই
ভারত, পাকিস্তান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শনিবার সকালের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন শক্তিশালী এ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।
রিক্টার স্কেলে ৭ দশমিক ৬ থেকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইসলামাবাদের ৮০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে। প্রথম ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। এক শতাব্দীর মধ্যে এ ভূমিকম্পটিই এ অঞ্চলের ভয়াবহ ভূমিকম্প।
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও কাশ্মিরে তিন হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। বিভিন্ন দেশ থেকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ভূমিকম্পের ভয়াবহতায় প্রাণহানির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও জাতিসংঘ মহাসচিব কফি আনান গভীর শোক প্রকাশ করেছেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র এক লাখ ৭৭ হাজার পাউণ্ড অর্থ সাহায্য ও ৬০ জনের একটি মেডিকেল টিম পাঠানো প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এক লাখ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
ভারত সরকার ভূমিকম্পে নিহতদের পরিবার প্রতি এক হাজার রুপি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। দুর্গতদের জন্য তাঁবু, কম্বল, ওষুধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূমিকম্প কবলিত এলাকায় বিদ্যুৎ ও খাবার পানি এবং যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। হাসাপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল ও বাড়তি সময় দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে বেশ কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে।
পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভূমিকম্প কবলিত এলাকা সফর করেছেন। তিনি বলেন, ভূমিকম্প জাতির জন্য একটি পরীক্ষা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পর্যবেক্ষণ কেন্দ্র ও সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, শুক্রবার সকালে (০৩৫০ জিএমটি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৯৫ কিলোমিটার উত্তর ও পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়।
এদিকে ভারতীয় সরকারি আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতে রিক্টার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি পাকিস্তানের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, কাশ্মির এবং আফগানিস্তানের বিভিন্ন অংশে অনুভূত হয়।
পাকিস্তানের পুলিশ প্রধান বলেন, শুধুমাত্র উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেই ১৭শ’রও বেশি লোক নিহত হয়েছে। এখানে একটি স্কুল ভবন ধসেই নিহত হয়েছে আড়াইশ’র বেশি শিশু। ভূমিধস ও ধংসস্তুপের নিচে চাপা পড়ে ২০০ জন সেনা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাক প্রধানমন্ত্রী শওকত আজিজ বলছেন। ভূমিকম্প কবলিত এলাকায় ৫০ শতাংশেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
মেজর জেনারেল শওকত সুলতান বলেছেন, মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তিনশ’ লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন ভারতীয় সেনাও রয়েছে। ভূমিকম্প কবলিত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
