বার্ড ফ্লু’র ভ্যাকসিন উৎপাদনে গুরুত্ব দিলেন প্রেসিডেন্ট বুশ
বার্ড ফ্লু’র প্রাদুর্ভাবের হুমকির প্রেক্ষিতে বার্ড ফ্লু ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট বুশ এ কথা বলেন। এদিকে যে কোন প্রাদুর্ভাব মোকাবেলায় বৈশ্বিকভাবে কাজ করার পরিকল্পনা বের করতে পৃথিবীর ৮০টি দেশের কর্মকর্তাবৃন্দ ও জাতিসংঘ নিউইয়র্কের এক সম্মেলনে বৈঠক করেছেন।
গত সপ্তাহে মার্কিন সিনেট বার্ড ফ্লু-বিরোধী ওষুধ কিনতে চার বিলিয়ন ডলারের অনুদান দিয়েছে।
রোগের সংক্রমণ রোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপদ্রুত এলাকায় সেনাবাহিনীর সহায়তায় আক্রান্তদের আলাদা করে রাখতে প্রেসিডেন্ট বুশ উপদেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট বুশের মন্তব্য এটাই প্রমাণ করে যে, অ্যাভিয়ান ফ্লু হোয়াইট হাউজের এজেন্ডার উপরের দিকে অবস্থান করছে।
মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী মাইক লিয়াভিট বলেন, আমাদের ভ্যাকসিন প্রস্তুতকারকরা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন করতে পারছে না, এটা গোপন রাখার কোন বিষয় নয়। এ জায়গায় আমাদের উন্নয়ন ঘটাতে হবে।
এদিকে রুমানিয়া শুক্রবার প্রথমবারের মত বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে কোন প্রাণীর মৃত্যুর কথা স্বীকার করেছে। রুমানিয়ার দানুউব এলাকায় বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে তিনটি হাঁস মারা গেছে।
পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বার্ড ফ্লু’র কারণে গত দু’বছরে ৬০ জন মারা গেছে।
তবে এইচ৫এন১ ভাইরাসটি মানুষ থেকে মানুষের দেহে সংক্রামিত হয় কিনা সে বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায়নি।
