জাতিসংঘ কসোভোর স্বাধীনতা নিয়ে শিগগিরই আলোচনা শুরু করবে
জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, কসোভোকে সার্বিয়ার অংশ হিসেবে রাখা হবে না কি দেশটিকে স্বাধীনতা দেওয়া হবে সে ব্যাপারে খুব শিগগিরই আলোচনা শুরু হবে।
১৯৯৯ সালে কসোভোতে যুদ্ধ শেষ হওয়ার পর সেখানকার উন্নয়নের ওপর জাতিসংঘের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এ সুপারিশ করেন।
কফি আনানের দূত কায় ইদি চার মাস ধরে কসোভোর সার্বিক অবস্থা বিবেচনা করে প্রতিবেদনটি তৈরি করেছেন।
কসোভোর জাতিগত আলবানিয়া ভিত্তিক কর্তৃপক্ষ স্বাধীনতা চাইলেও সার্বিয়া কসোভোকে নিজস্ব প্রদেশ হিসেবেই রাখতে চায়।
আনান সুইজারল্যান্ডের রাজধানী বার্নে সাংবাদিকদের বলেন, স্বায়ত্ত্বশাসন এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এজন্য বেলগ্রেড এবং প্রিসটিনার সঙ্গে যত শিগগির সম্ভব আলোচনা শুরু করা হবে।
ইদির প্রতিবেদন উল্লেখ করে তিনি আরও বলেন, জাতিসংঘের বেধে দেওয়া গণতন্ত্রের মাপকাঠি পূরণে কিছুটা ঘাটতি থাকলেও কসোভোর ব্যাপারে আলোচনা করা হবে।
ইদির প্রতিবেদনে কসোভোর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলা হয়, সেখানে অর্থনৈতিক অবকাঠামো তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে। তবে কর্মসংস্থানের অভাব ও দারিদ্রের ছাপ এখনও সুস্পষ্ট।
এছাড়া কসোভোর ভঙ্গুর পুলিশ ও বিচার ব্যবস্থার কথা উল্লেখ করে আরও বলা হয়, পুলিশ সংগঠিত অপরাধ, দুর্নীতি ও জাতিগত অপরাধ দমনে ব্যর্থ।
সার্বিয়ার প্রধানমন্ত্রী ভোজিস্লাভ কোসটুনিকা কসোভোর সাম্প্রতিক উন্নতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
কসোভোতে নিয়োজিত জাতিসংঘের দূত সোরেন জেসেন পিটারসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে কোসটুনিকা এক বিবৃতিতে বলেন, কসোভোর ভবিষ্যৎ নিয়ে আলোচনার পূর্ব শর্ত হিসেবে জাতিসংঘের বেধে দেওয়া মাপকাঠি পুরোপুরি কার্যকর করা হয়েছে।
জেসেন পিটারসন আনানের ঘোষণাকে স্বাগত জানালেও সত্যিকার অর্থে একটি বহুজাতিক সমাজ প্রতিষ্ঠা করা উচিত বলে তিনি মনে করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিকোলাস বার্নস বলেন, কসোভোর অনিশ্চিত রাজনৈতিক অবস্থা খুব বেশিদিন অব্যাহত রাখা সম্ভব নয়।
এ মাসের শেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ জন সদস্য এ ব্যাপারে ভো দেবে বলে জানা গেছে।
কসোভোতে গণতন্ত্রের মাপকাঠি পুরোপুরি কার্যকর না হওয়ার আগেই রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ গ্রহণের সময় এসে গেছে-জাতিসংঘের প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে ইদির সমাপ্তিসূচক বক্তব্যকে আনান সমর্থন করেছেন।
কসোভো সংক্রান্ত আলোচনায় সাবেক ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মারটি আহতিসারিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। তিনি ১৯৯৯ সালে ন্যাটো ও সার্বিয়ার মধ্যকার অস্ত্রবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।
এদিকে বেলগ্রেড সার্বরা কসোভোতে নিরাপদ ও স্বাধীন চলাচলের মত মৌলিক মানবাধিকার মেনে চলছে না বলে অভিযোগ করেছে।
১৯৯৯ সালে ন্যাটোর বিমান হামলার পর সার্ব বাহিনী কসোভো ছেড়ে যায়। কসোভোর দুই মিলিয়ন জনসংখ্যার শতকরা ৯০ শতাংশ জাতিগত আলবেনিয়।
