হোয়াইট হাউজ যাচ্ছেন প্রিন্স চার্লস ও ক্যামিলা
প্রিন্স চার্লস ও তার নতুন জীবনসঙ্গী ডাচেস অব কর্ণওয়েল ক্যামিলা আগামী মাসে হোয়াইট হাউজ সফরে যাবেন। একজন মুখপাত্র বৃহস্পতিবার এ খবর জানান।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২ নভেম্বর হোয়াইট হাউজে এই রাজকীয় দম্পতির সম্মানে মধ্যাহ্ন ও নৈশভোজে আমন্ত্রণ জানাবেন।
বিয়ের পর এ সফরই হবে তাদের প্রথম বিদেশ সফর। তারা নিউইর্য়ক এবং সান ফ্রান্সিসকোতেও যাবেন। চার্লস যুক্তরাষ্ট্রের নিউজ প্রোগ্রাম সিক্সটি মিনিটস-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন যা তার সফরের সময় সম্প্রচার করা হবে।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী গত বছরের জুনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগদান করতে সংক্ষিপ্ত সফরে ওয়াশিংটন গিয়েছিলেন।
