‘মানবতার বিরুদ্ধে লড়াই’-এ জঙ্গিদের সতর্ক করে দিলেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ইরাকে আল-কায়েদা ও অন্যান্য ইসলামী জঙ্গিরা বিদ্রোহী তৎপরতা অব্যাহত রেখে মানবতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
বুশ বলেন, জঙ্গিরা স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত একটি মৌলবাদী ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়।
তবে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে তার ক্ষয়ক্ষতির সংখ্যা কমিয়ে আনতে সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে-এমনটি যারা ভাবছে তারা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে।
তিনি বলেন, ৯/১১ এর পর আল-কায়দা সন্ত্রাসী নেট ওয়ার্কের ১০টি হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তার তিনটিই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে।
ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্র্যাসিতে ভাষণদানকালে ইরাকে প্রতিনিয়ত যে সহিংস ঘটনা ঘটছে, সে বিষয়ে ধৈর্য ধারণ করতে বুশ মার্কিনির প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ত্যাগ ছাড়া যুদ্ধে জয়লাভ করা যায় না এবং এই যুদ্ধে জয়লাভ করতে হলে আরও বেশি ত্যাগ, সময় ও দৃঢ় সংকল্প প্রয়োজন হবে।
ইরাকে বিদ্রোহী তৎপরতায় সহযোগিতা করার জন্য বুশ সিরিয়া ও ইরানকে দায়ী করেন। তিনি বলেন, যারা সন্ত্রাসী তৎপরতা চালায় এবং যারা সন্ত্রাসীদের সমর্থন ও আশ্রয় দেয়, তাদেরকে ওয়াশিংটন আলাদা করে দেখে না।
মার্কিন জনমত জরিপ থেকে জানা গেছে, ইরাক যুদ্ধ নিয়ে জনগণের মধ্যে সমর্থন কমছে।
সেপ্টেম্বরের শেষের দিকে পরিচালিত সিএনএন/ইউএসএ টুডে/গ্যালাপ পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, ইরাক পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট যেভাবে মোকাবিলা করছেন, তার পিছনে মাত্র ৩২ শতাংশের সমর্থন রয়েছে। ৫৯ শতাংশের মতে, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ইরাক যুদ্ধ ছিল একটি ভুল সিদ্ধান্ত। অপরদিকে ৬৩ শতাংশ মনে করেন, ইরাক থেকে সীমিত আকারে অথবা পুরো মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয়া উচিত।
প্রেসিডেন্ট বুশ বলেন, আল-কায়দা জঙ্গিরা ইরাকে ক্রমেই তাদের কার্যক্রম বাড়িয়ে চলেছে। আর এ কারণেই মার্কিন সামরিক বাহিনীর সেখানে থাকা উচিত।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার ক্ষয়ক্ষতি কমাতে ইরাক ত্যাগ করবে-এমনটি যারা ভাবছে তারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। জারকাবি অথবা বিন লাদেনের হাতে যদি ইরাকি জনগণের দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র কম বা বেশি নিরাপদ হবে?
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে এবং সেখানকার সরকারদের ক্ষমতাচ্যুত করতে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে আল-কায়দা ও অন্যান্য ইসলামী জঙ্গিরা ইরাকের বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
মিশর, জর্ডান ও পাকিস্তানের সরকারদের ক্ষমতাচ্যুত করে প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে জঙ্গিরা চেষ্টা চালাবে বলে তিনি জানান।
