২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ সেনাদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান

ইরান এ বছর ইরাকে বোমা হামলায় নিহত আট ব্রিটিশ সেনার মৃত্যুর জন্য তেহরান দায়ী বলে ব্রিটেনের আনা অভিযোগ অস্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 11:13 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

একজন শীর্ষস্থানীয় ব্রিটিশ কর্মকর্তা ইরাকে পরিচালিত হামলায় ব্যবহৃত বোমাগুলোর সাথে ইরানের রেভুলিউশনারি গার্ডের বিরুদ্ধে ব্যবহৃত বোমাগুলোর সাদৃশ্যের উল্লেখ করে বলেছেন, তেহরান ইরাকের দক্ষিণাঞ্চলের শিয়া মুসলমানদের কাছে এ প্রযুক্তি সরবরাহ করেছিল।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে নাকচ করে দিয়েছেন এবং ইরাকে অস্থিরতা বাড়িয়ে তোলার দায়ে ব্রিটেনকে অভিযুক্ত করেছেন।

দু’দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা যখন ব্যর্থ হতে চলেছে, তখন এই প্রথমবারের মতো ব্রিটিশ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ কর্মকর্তা বলেন, লোবাননের তেহরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ারা ইরানের মাধ্যমে এ বোমা প্রযুক্তি ইরাকে পাঠিয়েছে। শিয়া ধর্মীয় নেতা মোক্তাদা সদরের মেহদি আর্মির কিছূ ভিন্নমতাবলম্বীকে এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে।

ইরাকের আসন্ন নির্বাচনের কারণে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার শুরুর পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তিত হতে পারে বলেও তিনি জানান।