২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক প্রেসিডেন্ট মোশাররফকে হত্যা চক্রান্তের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যা প্রচেষ্টার দায়ে সামরিক আদালত চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অপর দু’ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পাকিস্তান বিমান বাহিনীর দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার অভিযুক্ত ওই ছয় ব্যক্তিকে বিমান বাহিনীর ‘নিম্ন পদস্থ’ কর্মচারি বলে উল্লেখ করা হয়।

২০০৩ সালের ১৪ ডিসেম্বর রাজধানী ইসলামাবাদের অদূরে রাওয়ালপিন্ডিতে একটি সেঁতু পার হওয়ার সময় প্রেসিডেন্ট মোশাররফকে বহনকারী গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন আকলাস আখলাখকে (২৪) রাশিয়ার নাগরিক ছিল বলে উল্লেখ করেছে।

১৪ ডিসেম্বরের হত্যা প্রচেষ্টার জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা ইসলামুদ্দিন সিদ্দিকির মৃত্যুদণ্ডাদেশ আগেই কার্যকর করা হয়েছে।

২০০৩ সালের ২৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতেই অপর এক হত্যাপ্রচেষ্টা থেকে মোশাররফ বেঁচে যান। আদালত এই হত্যা প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।

২৫ ডিসেম্বরের হামলায় মোশাররফ বেঁচে গেলেও ১৭ জন নিহত হয়েছিল।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থাসমূহ বলেছে, আফগানিস্তানের তালেবান শাসনের বিরুদ্ধে পরিচালিত মার্কিন নেতৃত্বাধীন অভিযান সমর্থনকারী প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে উচিত শিক্ষা দিতে ওসামা বিন লাদেনের আল-কায়দা নেটওয়ার্কের সহায়তায় দুটি হত্যাপ্রচেষ্টা পরিচালিত হয়েছে।