নাইজেরিয়ায় সেনা-পুলিশ সংঘর্ষে ৩ জনের প্রাণহানি
নাইজেরিয়ার লাগোস শহরে পুলিশের সাথে দেশটির সেনা সদস্যদের সংঘর্ষ ও ক্রসফায়ারে কমপক্ষে তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা একটি মোটর সাইকেল ট্যাক্সি চালকের কাছ থেকে ঘুষ হিসেবে মাত্র বিশ নাইরু (সাত মার্কিন সেন্টের সমপরিমান) দাবি করলে একজন সেনা সদস্য পুলিশ কর্মকর্তাকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তাটি সেনা সদস্যকে মারধর করে।
মারধরের ঘটনার প্রেক্ষিতে সেনা সদস্যটি কাছের ব্যারাকে খবর পাঠায়। ব্যারাক থেকে সেনা সদস্যরা এসে উপস্থিত হওয়ার পরপরই পুলিশ ও সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।
নাইজেরিয়ার সর্ববৃহৎ শহর লাগোসের প্রধান মহাসড়কের দুই পাশ থেকে সেনা ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে গুলি বিনিময় করে।
বিশটি পুলিশের গাড়িসহ ৬০টি যানবাহন সংঘর্ষের কারণে আগুন ধরে যায়।
সেনা সদস্যরা একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
