ইইউ-এর সাথে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য পুতিন এখন ব্রিটেনে
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের সাথে এক শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লন্ডন পৌঁছেছেন।
বৈঠকে জ্বালানি, বাণিজ্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা সংক্রান্ত আলোচনা প্রাধান্য পাবে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ব্লেয়ার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে পুতিনের সাথে আলোচনার পরিকল্পনা করছেন। ভারত ও চীনের সাথে ইউরোপীয় ইউনিয়েনের (ইইউ) শীর্ষ বৈঠকেও ব্লেয়ার বিশ্ব উষ্ণতা নিয়ে আলোচনা করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি ব্রিটেন।
চেচনিয়া ও ইরান ইস্যু নিয়ে ইইউ ও রাশিয়ার মধ্যে মতানৈক্য রয়েছে। চেচনিয়ার মানবাধিকার পরিস্থিতির প্রতি সম্মান দেখাতে ইইউ ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের পারমাণবিক শক্তি উন্নয়ন সংক্রান্ত ইস্যু নিয়েও ইইউ ও রাশিয়ার মধ্যে বিভেদ রয়েছে।
২০০৩ সালে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত চেচেন নাগরিক আহমেদ জাকায়েভকে রাশিয়ার কাছে হস্তান্তর করতে পুতিন নতুন করে লন্ডনের প্রতি আহ্বান জানাবেন। রাশিয়ার চোখে জাকায়েভ একজন সন্ত্রাসী।
রাশিয়া ইইউ দেশসমূহে প্রয়োজনের ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হ্রাস করতে ক্রেমলিনের উপর ইইউ দেশসমূহের নির্ভরতাকে রুশ রাজনীতিবিদরা কাজে লাগাবে বলে জানা গেছে।
জ্বালানি নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা ইতোমধ্যে সোমবার লন্ডনে বৈঠক করেছেন।
ইইউ’র বাণিজ্য কমিশনার পিটার ম্যান্ডেলসন সোমবারের বৈঠকের পরে বলেন, ইইউ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক অন্য যে কোন সময়ের চেয়ে এখন শক্তিশালী।
সম্প্রতি সাগর তলে আটকা পড়া সাবমেরিনের রুশ নাবিকদের রক্ষা করার প্রতিদান স্বরূপ পুতিন ব্রিটিশ নাবিকদের রাষ্ট্রীয় পুরস্কার দেবেন বলে আশা করা হচ্ছে।
