মোশাররফের প্রশংসায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন রীড সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ব্যক্তিগত ও রাজনৈতিক সাহসীকতার ভূয়সী প্রশংশা করেন।
তিনি বলেন, ‘সারা বিশ্ব তার সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে মুগ্ধ। তিনি নিজে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পরেও এতটুকু বিচলিত না হয়ে তার তৎপরতা সাহসীকতার সাথে চালিয়ে যাচ্ছেন।’
প্রেসিডেন্ট মোশাররফ এবং পাকিস্তানের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য রীড ইসলামাবাদ সফর করছেন। গত সপ্তাহে পাক-আফগান সীমান্তে জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ায় মোশাররফের কাছে তিনি শোক প্রকাশ করেন।
রীড মোশাররফের প্রশংসা করে বলেন, সন্ত্রাস নির্মূল অভিযানে মোশাররফের অঙ্গীকার শুধৃুমাত্র কথার ফুলঝুরি নয়। তিনি কাজে তা প্রমাণ করে দেখাচ্ছেন।
লাদেনকে গ্রেপ্তার প্রসঙ্গে রীড বলেন, আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আটক করার তৎপরতা অব্যাহত থাকবে। কিন্ত তিনি সতর্ক করে দিয়ে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসীদেরকে কেবলমাত্র সামরিক অভিযানের মাধ্যমে নির্মূল করা যাবে না। দারিদ্রতা এবং রাজনৈতিক সমস্যাগুলোও আমলে আনতে হবে।
