২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন শ্রোয়েডার

গত মাসের সাধারণ নির্বাচনের পর জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার এই প্রথমবারের মত ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি জার্মানির পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার দাবি থেকে সরে দাঁড়াতে পারেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

জার্মান টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে শ্রোয়েডার বলেন, স্থিতিশীল সরকার গঠনের পথে তিনি বাধা হয়ে দাঁড়াবেন না।

দলীয় নেতৃবৃন্দের যে কোন সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শ্রোয়েডার বলেন, এটা আমার এবং আমার দায়িত্বের সঙ্গে জড়িত কোন ব্যাপার নয়।

কিন্তু সোস্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি) নেতৃবৃন্দ জোর দিয়ে বলেছেন, তারা শ্রোয়েডারকে চ্যান্সেলর পদেই দেখতে চান। এসপিডি সভাপতি ফ্রাঞ্জ মুয়েন্তারফারিং সোমবার এ দাবি পুনর্ব্যক্ত করেন।

তবে এসপিডি সভাপতি ফ্রাঞ্জ বলেছেন, জোটের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার পরই নেতৃত্বের ইস্যুটি বোঝাপড়ার বিষয় হিসেবে দেখা দেবে।

রোববার জার্মানির পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরে অনুষ্ঠিত বিলম্বিত ভোটে অ্যাঞ্জেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি (সিডিইউ) জয়ী হলে শ্রোয়েডারের উত্তরাধিকারী হিসেবে তার দাবি শক্তিশালী হয়।

বড় রাজনৈতিক দল দু’টির মধ্যে বৃহস্পতিবার তৃতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

কিন্তু এসপিডি তার চ্যান্সেলর হওয়ার অধিকার স্বীকার না করলে মার্কেল জার্মানির প্রধান দু’টি দলের মধ্যেকার তথাকথিত ‘বৃহৎ জোট সরকার’ গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চান না।

ড্রেসডেন নির্বাচনের আসন নিয়ে সিডিইউ এবং এবং সিএসইউ পার্টি নতুন পার্লামেন্টে ২২৬ আসন পেয়েছে। অন্যদিকে এসপিডি পেয়েছে ২২২ টি আসন।