বালিতে ভ্রমণ না করতে নিউজিল্যান্ডবাসীর প্রতি প্রধানমন্ত্রী ক্লার্কের পরামর্শ
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক সোমবার তার দেশের নাগরিকদের ইন্দোনেশিয়ার বালি দ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। বালি দ্বীপে শনিবারের আত্মঘাতী বোমা হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ক্লার্ক এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ক্লার্ক সোমবার জাতীয় বেতারে বলেন, ভ্রমণ নির্দেশিকা অনুসরণ করার জন্য আমরা নিউজিল্যান্ডের নাগরিকদের আহ্বান জানাচ্ছি। ভ্রমণ নির্দেশিকায় অপ্রয়োজনীয় ও পর্যটক হিসেবে যেকোন ভ্রমণ এড়িয়ে চলার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে।
শনিবারের আত্মঘাতী বোমা হামলার জন্য ইন্দোনেশিয়া ইসলামী জঙ্গিদের দায়ী করেছে। জনপ্রিয় পর্যটন শহর বালি দ্বীপের তিনটি বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং ১২০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন।
ইন্দোনেশিয়ায় নিউজিল্যান্ডের পুলিশের সুপারিনটেনডেন্ট এথল সোপার বলেছেন, বোমা হামলায় নিউজিল্যান্ডের একজন নাগরিক সামান্য আহত হয়েছেন।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বালিতে কমপক্ষে ১,৫০০ জন নিউজিল্যান্ডের নাগরিক বর্তমানে ছুটি কাটাচ্ছে। তাদের অনেকেই বালি ত্যাগ করতে শুরু করেছেন বলে হাউজ অব ট্রাভেল এজেন্সি’র পরিচালক ব্রেন্ট টমাস জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ক্লার্ক জানান, তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোয়ানোর সাথে রোববার রাতে কথা বলেছেন। হামলা-পরবর্তী যে কোন সহায়তা দেওয়ার জন্য ইন্দোনেশিয়াকে নিউজিল্যান্ডের সম্মতির কথা ক্লার্ক জানিয়েছেন বলে উল্লেখ করেন।
