২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ফিলিস্তিনি পুলিশের সাথে হামাসের সংঘর্ষে নিহত ৩

গাজা সিটিতে ফিলিস্তিনি পুলিশ ও জঙ্গি সংগঠন হামাসের মধ্যে সংঘর্ষে এক পুলিশ কমান্ডার ও দুই পথচারী নিহত হয়েছে। ফিলিস্তিনি পুলিশ সোমবার এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 11:02 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ রোববার গাজা সিটিতে হামাসের একটি গাড়ি থামানোর চেষ্টা করলে পুলিশের সাথে হামাস সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়। এতে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়।

হামাস বলছে, পুলিশ সাবেক হামাস নেতার ছেলেকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে। অপরদিকে পুলিশ বলছে, তারা একটি ঝগড়ার অবসান ঘটাতে সহায়তা করতে গিয়েছিল।

এদিকে ইসরাইলি ও ফিলিস্তিনি নেতৃবৃন্দ বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

নাসির স্ট্রিটের সংঘর্ষকালে পুলিশ ও হামাস সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয়।

হামাস বলেছে, পুলিশ সাবেক হামাস নেতা আব্দেল আজিজ রানতিসির ছেলে মোহাম্মদ আল-রানতিসিকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে। হামাস নেতা রানতিসি ২০০৪ সালে ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

গাজা সিটির উভয় অংশেই গোলাগুলির ঘটনা ঘটে। হামাস জঙ্গিরা একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। এ সময় হামাস সদস্যরা রাইফেল, রকেট-চালিত গ্রেনেড ও হ্যাণ্ড গ্রেনেড ব্যবহার করে।

সংঘর্ষে মেজর পদমর্যাদার একজন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

গাজার রাস্তায় রাস্তায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার একদিন পরই এ ঘটনা ঘটল।

এদিকে হামাস বলেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোন অপরাধমূলক তৎপরতা প্রতিহত করতে তারা কর্তৃপক্ষকে সহযোগিতা করবে। কিন্তু ইসরাইলকে প্রতিহত করা থেকে তারা বিরত থাকবে না। আর তাই হামাসকে নিরস্ত্র করতে চেষ্টা না করার জন্য সংগঠনটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা চলব। কাউকে আইন ভঙ্গ করতে দেওয়া হবে না।

ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন রোববার টেলিফোনে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন। তারা নিকট ভবিষ্যতে বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয়েছেন।

রোববার শ্যারন ও আব্বাসের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানের কারণে বৈঠক স্থগিত করা হয়।