ইরাকের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে প্রেসিডেন্টের আহ্বান
ইরাকের জোট সরকারের মধ্যে তীব্র মত পার্থক্যের কারণে কুর্দি প্রেসিডেন্ট জালাল তালাবানি দেশটির শিয়া প্রধানমন্ত্রী আল জাফারিকে পদত্যাগ করতে বলেছেন।
আল জাফারির বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ আনা হয়েছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠ শিয়া নেতৃত্বাধীন ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স সরকারের ক্ষমতা জাফারি এককভাবে ভোগ করছেন এবং কুর্দিদের সমস্যা সমাধানে বিশেষ করে উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে কুর্দিদের পুনর্বাসনের বিষয়গুলো তারা প্রত্যাখান করছে বলে তালাবানি অভিযোগ করেন।
তালাবানির মুখপাত্র আজাদ জুনদিয়ানি বলেন, সংযুক্ত ইরাকি জোট এবং কুর্দিস্থান কোয়ালিশনের এখন সময় এসেছে প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারির পদত্যাগের বিষয়টি বিবেচনা করার। রাজনৈতিক স্বার্থেই এটা করতে হবে।
শিয়া জোট যদি জাফারিকে সরানোর ব্যাপারে সমর্থন না দেয় তখন কুর্দিরা কি করবে এ প্রশ্নের উত্তরে জুনদিয়ানি বলেন, আমরা সে জন্য অপেক্ষা করবো এবং দেখব।
তালাবানি পরোক্ষভাবে হুমকি দিয়ে বলেছেন, কুর্দিদের দাবি পূরণ না হলে জোট থেকে তাদের সমর্থন প্রত্যাহার করা হবে।
