২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’তে তুরস্কের সদস্য পদ সংক্রান্ত আলোচনার শুরু নিয়ে অচলাবস্থা

তুরস্ককে ইইউ-এর সদস্য পদ দেওয়া হবে কিনা সে ব্যাপারে দেশটির সাথে চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী আলোচনা শুরু করতে ঐকমত্যে পৌঁছাতেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র মন্ত্রীরা ব্যর্থ হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:09 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তুরস্কের সাথে সমঝোতার কাঠামো নির্ধারণ নিয়ে ইইউ’র লুক্সেমবার্গের আলোচনা রোববার মধ্যরাতে কোন সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তুরস্কের সাথে সোমবার ইইউ’র সমঝোতা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

অস্ট্রিয়া তুরস্ককে পূর্ণ সদস্য পদের পরিবর্তে অগ্রাধিকারপ্রাপ্ত দেশের মর্যাদা দিতে চায়।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, কোন ঐকমত্যে পৌঁছাতে না পারার ব্যর্থতা খ্রিস্টান ও মুসলিম দেশগুলোর কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান বলেছেন, পূর্ণ সদস্য পদের পরিবর্তে তুরস্ককে অন্য যাই কিছু দেওয়ার কথা বলা হোক না কেন, পূর্ণ সদস্য পদের নিশ্চয়তা ছাড়া আঙ্কারা সমঝোতা আলোচনা শুরু করবে না।

ইইউ পররাষ্ট্র মন্ত্রীরা বলেছেন, সৃষ্ট অচলাবস্থা নিরসনের জন্য সোমবার তারা প্রচেষ্টা চালাবেন।

তুরস্কের সাথে আলোচনা শুরু করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করায় রোববার রাতের বৈঠকে ইইউ’তে ক্রোয়েশিয়ার পূর্ণ সদস্য পদের আবেদন নিয়ে সমান্তরালভাবে আলোচনা হয়নি।

তুরস্কের সাথে সমঝোতার আলোচনা শুরুর আগে ইইউ’র ২৫টি সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী স্ট্র সাংবাদিকদের বলেন, এটা হতাশাজনক পরিস্থিতি। তবে আমি আশা ও প্রার্থনা করছি যে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হব।

স্ট্র যুক্তি দেখিয়েছেন যে, তুরস্ককে ইইউ’র বাইরে রাখা হলে তা খ্রিস্টান ও মুসলিম জাতির মধ্যে ধর্মীয়-রাজনৈতিক বিভেদ তৈরি করবে।

বৈঠকের শেষ পর্যায়ে অস্ট্রিয়া ইইউ’তে তুরস্কের প্রবেশ নিয়ে আলোচনা শুরু করা নিয়ে প্রশ্ন তলে। অস্ট্রিয়া তুরস্ককে পূর্ণ সদস্য দেওয়ার পরিবর্তে অগ্রাধিকারভিত্তিক অংশীদারিত্ব প্রদানের পক্ষপাতি। আর তাই বিষয়টি বিবেচনার জন্য ইইউ’র প্রতি ভিয়েনা আহ্বান জানিয়েছে।

চ্যান্সেলর উল্ফগ্যাং স্কুশেল বলেছেন, ইইউ’র সম্প্রসারণের ব্যাপারে যে জনমত রয়েছে, তাকে অবশ্যই বিবেচনা করতে হবে।

ইইউ’র চূড়ান্ত সদস্য পদ পেতে হলে তুরস্ককে অনেক কাঠ-খড় পোড়াতে হবে। বিশেষ করে স্বদেশী আইনের স্থলে ইইউ’র ৮০ হাজার পৃষ্ঠার আইন অন্তর্ভূক্ত করতে হবে।

তুরস্কের সদস্য পদ নিয়ে আলোচনা একবার শুরু হলে তা কার্যকর করতে দশ বছর সময় লাগবে।