২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পর্যটন নৌকা ডুবে ২১ জনের মৃত্যু

নিউইয়র্কের একটি লেকে পর্যটন নৌকা ডুবে ২১ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 08:57 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

নিউইয়র্কের ২০০ মাইল দক্ষিণে লেক জর্জে স্থানীয় সময় বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। স্রোতের তোড়ে হঠাৎ করেই প্রায় ৪০ ফুট লম্বা এথান অ্যালেন নামের পর্যটন নৌকাটি ডুবে যায়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্টিমবোট পাশ দিয়ে যাওয়ার সময় স্রোতের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

নৌকার ৪৯ জন যাত্রীর সকলেই কানাডার নাগরিক বলে জানা গেছে।

নৌকা চালক ভাগ্যক্রমে বেঁচে গেছেন বলে ওয়ারেন কাউন্টির পুলিশ শেরিফ ল্যারি ক্লিভল্যান্ড জানিয়েছেন।

তিনি আরও বলেন, নৌকাটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে এখনও কোন কিছু স্পষ্ট নয়।

নিউইয়র্কের রাজধানী আলবানির ৫০ মাইল উত্তরে আদিরনডাক পর্বতে অবস্থিত লেক জর্জ একটি অন্যতম পর্যটন স্থান।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৯ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

ঘটনার সময় নৌকার যাত্রীরা কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না বলে জানা গেছে।

শোরলাইন ক্রুজের পরিচালক এবং এথান অ্যালানের সত্ত্বাধিকারী জিম কুইয়ার্ক এ দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।