বালিতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে: ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার শীর্ষ সন্ত্রাস-বিরোধী কর্মকর্তা রোববার বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীরা বালির তিনটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে।
বালির তিনটি রেস্টুরেন্টে শনিবারের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়।
মেজর জেনারেল আনসিয়াদ এমবাই বলেন, জিমবারান ও কুটারের পর্যটন এলাকার বোমা হামলার লক্ষ্যস্থল থেকে বোমা হামলাকারীদের শরীরের অংশ বিশেষ পাওয়া গেছে।
তিনি বলেন, আঞ্চলিক জঙ্গিগোষ্ঠী জিমাহ ইসলামিয়াহ্ হামলাগুলো চালিয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।
২০০২ সালে বালিতে বোমা হামলার জন্যে জিমাহ ইসলামিয়াহকে দায়ী করা হয়। ওই বোমা হামলায় ২০২ জন নিহত হয়েছিল।
জেনারেল এমবাই বলেন, বিস্ফোরক দ্রব্যসহ তিন হামলাকারী শনিবার সন্ধ্যায় জিমবারান সমুদ্র সৈকতের দু’টি এবং কুটারের অপর একটি রেস্টুরেন্টে গিয়েছিল।
তিনি বলেন, হামলার পেছনে দুই মালয়েশীয় নাগরিক আজাহারি বিন হুসিন এবং নুরদিন মোহাম্মেদ মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ২০০২ সালের বালির বোমা হামলার পর থেকেই তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পুলিশের খাতায় তাদের নাম রয়েছে।
তার ভাষায়, আজাহারি এবং নুরদিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২০০৩ ও ২০০৪ সালে বোমা হামলার সাথে জড়িত ছিল।
শনিবারের হামলার জন্যে এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়িত্ব স্বীকার করেনি।
হিন্দু অধ্যুষিত বালি পর্যটন এলাকা পশ্চিমা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। আর এ কারণেই আল-কায়েদার সাথে সম্পর্কিত জঙ্গিগোষ্ঠীগুলো সেখানে হামলার সুযোগ খোঁজে।
পুলিশের প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, হামলায় ইন্দোনেশীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহতদের মধ্যে অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধইয়োনো বলেছেন, এগুলো নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। কেননা, পরপর কয়েকটি হামলা হয়েছে এবং জনসমাগমস্থলকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেভাবেই হোক আমরা হামলাকারীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করব।
বালিতে ২০০২ সালের বোমা হামলার তৃতীয় বর্ষপূর্তির দু’সপ্তাহেরও কম সময় আগে শনিবার এ হামলা চালানো হয়েছে। বালির সেই হামলায় ৮৮ জন অস্ট্রেলীয় পর্যটকসহ ২০২ জন নিহত হয়েছিল।
