মার্কিন সামরিক বাহিনী ইরাকি জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে
মার্কিন মেরিন সেনারা ইরাকের পশ্চিমাঞ্চলে আল কায়েদার সাথে সম্পর্কিত জঙ্গিদের দম করতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ও তাদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।
আনবার প্রদেশের সিরীয় সীমান্তে অবস্থিত সাদাহ শহরে হেলিকপ্টার হামলার পর এক হাজার সেনার একটি স্থলবাহিনী সেখানে আক্রমণ চালিয়েছে।
শহরটিকে জঙ্গিদের ঘঁটি বলে উল্লেখ করে মার্কিন সেনারা সেখনে ঘরে ঘরে গিয়ে হামলা করছে বলে খবর পাওয়া গেছে।
গাড়িতে করে নিরাপদ স্থানে পালিয়ে যাবার সময় অন্তত তিনজন শিশুসহ দশজন বেসামরিক ইরাকি নিহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলায় আট জন জঙ্গি নিহত হয়েছে এবং কোন মার্কিন সেনা নিহত হয়নি।
অপারেশন ‘আয়রন ফিস্ট’ নামের চলতি হামলা সিরিয়া থেকে ইরাকে জঙ্গিদের অনুপ্রবেশকে ব্যাহত করবে বলে মার্কিন কর্মকর্তারা জানান।
ইতোমধ্যে বন্দুকধারীরা বাগদাদে ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রী বাইয়ান জাবরের ভাই জেবার জাবর সোলাগকে অপহরন করেছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
শিয়া অধ্যুষিত সাদার শহরে নিজ বাড়িতে গাড়ি চালিয়ে যাবার সময় তিনি অপহৃত হন।
ইরাকের সংবিধানের উপর আসন্ন ১৫ অক্টোবরের গণভোটকে সামনে রেখে সেখানে জঙ্গিদের সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে।
এর আগে শুক্রবার ইরাকের হিল্লা শহরের একটি বাজারে বোমা হামলায় ১০জন নিহত হয়। বৃহস্পতিবার বালাদ শহরের বোমা বিষ্ফোরণে মৃত্যু হয় ৯৫ জনের।
ইতোমধ্যে পবিত্র রমজান মাসকে সামনে রেখে আবু গারিব কারাগার থেকে মার্কিন সেনারা ৫০০ ইরাকি বন্দীকে মুক্তি দিয়েছে। এ নিয়ে চলতি সপ্তায় ওই কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইরাকির সংখ্যা এক হাজারে দাঁড়াল।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাক থেকে তার মিশন প্রত্যাহার করবে না।
