২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের ৭ জুলাইয়ের বোমা হামলার নতুন ছবি প্রকাশ

লন্ডনের পাতাল রেল ও বাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী হামলার সাথে জড়িতদের একজনের ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণকৃত ছবি প্রকাশ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 09:53 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এর ফলে আত্মঘাতী বোমা হামলাকারীদের গতিবিধি সম্পর্কে আরও বিস্তারিত ধারনা পাওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

ছবিতে দেখা গেছে, লন্ডনের ৩০ নম্বর বাসে আত্মঘাতী বোমা হামলাকারী হাসিব হোসেন (১৮) ঘটনার দিন স্থানীয় সময় ০৯০০টায় কিংস ক্রস স্টেশনের বুটস ত্যাগ করছে। বাসে আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হয়।

স্থানীয় সময় সকাল ০৯৪৭ বোমা বিস্ফোরণের আগে সর্বকণিষ্ঠ বোমা হামলাকারী হাসিব কোথায় কোথায় গিয়েছিল, সে সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে চাইছে।

যাদের কাছে হামলাকারীদের সম্পর্কে তথ্য রয়েছে, তাদেরকে এন্টি-টেরর হটলাইনে ফোন করতে বলা হয়েছে।

ঘটনার দিন ট্রেনে করে লুটন থেকে আসার পর হাসিব কিংস ক্রস স্টেশনের আশেপাশে ঘোরাঘুরি করেছে, এ ব্যাপারে পুলিশ আগেই নিশ্চিত হয়েছে। পুলিশের ধারনা, সে ইউস্টন স্টেশনের দিকেও গিয়েছিল।

পুলিশের সহকারী কমিশনার (স্পেশালিস্ট অপারেশন) এন্ডি হ্যাম্যান বলেন, আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল সুযোগ খতিয়ে দেখছি। আমরা কোন কিছুর সম্ভাবনা বাতিল করে দিতে পারি না।

তিনি বলেন : ছবি দেখে অনেকের অনেক কিছুই স্মরণ হতে পারে। সে সময় তারা ঘটনাস্থলে ছিলেন কিনা? ছবিতে হামলাকারীদের পরিধেয় পোশাক দেখে তারা তাদেরকে চিনতে পারেন কিনা? তাদের সংগ্রহে আছে এমন কোন কিছু এই ছবি মনে করিয়ে দেয় কিনা?-ইত্যাদি ব্যাপারে আমাদের তথ্য দেয়ার জন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি।

আগে বলা হয়েছিল, আত্মঘাতী বোমা হামলা চালানোর আগে হাসিব অন্যান্য বোমা হামলাকারীদের ফোন করেছিল।

কিংস কলেজের সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ক্লার্ক বলেছেন, ফোনের ধরন দেখে বোঝা যায় সে ভীত ছিল এবং অন্যান্য বোমা হামলাকারীরা ঠিক মত বোমা হামলা চালিয়েছে কিনা, সে সম্পর্কে নিশ্চিত হতেই সে ফোন করেছিল।