তেল হুমকি সংক্রান্ত রিপোর্টের কথা অস্বীকার করেছে ইরান
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হলে দেশটি তেল বিক্রি বন্ধ করে দেয়ার হুমকি সংক্রান্ত যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তা অস্বীকার করেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক ইস্যু প্রেরণের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) গত সপ্তাহে একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাব অনুযায়ী ইরান ইস্যু যদি নিরাপত্তা পরিষদে পেশ করা হয়, তাহলে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ অবরোধ আরোপ করার সম্ভাবনা রয়েছে।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদ জানান, তেল বিক্রির হুমকি সংক্রান্ত কোন সাক্ষাৎকার তিনি দুবাইয়ের কোন পত্রিকাকে দেননি।
তবে, দুবাইয়ের খালিজ টাইমস তার ফ্রিল্যান্স রিপোর্টারের পাশে এসে দাঁড়িয়েছে। পত্রিকাটির সম্পাদক প্রেম চন্দ্র বলেন, রিপোর্টার যখন প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সাথে কথা বলেছেন তখন তিনি নিজেকে খালিজ টাইমসের নয়, মার্কিন-ভিত্তিক আরব নিউজের রিপোর্টার বলে পরিচয় দিয়েছেন।
সাংবাদিক নিহাল কামাল তার রিপোর্টে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বক্তব্য উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আমরা অনেকভাবেই জবাব দেব। উদাহরণ স্বরূপ, আমরা তেল বিক্রি বন্ধ করে দিতে পারি।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা আইএইএ’র বোর্ডে প্রস্তাব পেশ করে। বোর্ডের ১২ সদস্য দেশ প্রস্তাবের সমর্থনে অথবা বিপক্ষে ভোট দিতে বিরত থেকেছে।
আইএইএ বোর্ডে প্রস্তাব পেশ হওয়ার কারণে ইরান জবাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির প্রাথমিক পর্যায়ে কার্যক্রম সচল করে। এছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুমতি দেয়া হবে না বলে দেশটি হুমকি দেয়।
