পারমাণবিক অনুসন্ধানে সহযোগিতায় উত্তর কোরিয়ার প্রতি আইএইএ’র আহ্বান
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সদস্য রাষ্ট্রগুলো উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ধ্বংস এবং সেখানে অনুসন্ধান কার্যক্রমে সহায়তার আহ্বান জানিয়েছে।
বেইজিংয়ে গত সপ্তাহে ছয় জাতি আলোচনা শেষে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও চীন দেশটিকে নিরাপত্তা এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে।
এদিকে ওয়াশিংটনের কাছ থেকে বেসামরিক পারমাণবিক চুল্লি সরবরাহ না করলে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না-পিয়ংইয়ংয়ের এমন কথার প্রেক্ষিতে বিষয়টি পুনরায় সন্দেহের মধ্যে পড়ে যায়।
শুক্রবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বার্ষিক বৈঠকে ১৩৯টি সদস্যরাষ্ট্র কর্তৃক গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, আইএইএকে পূর্ণ সহযোগিতা করতে উত্তর কোরিয়াকে আহ্বান জানানো হয়। সম্মেলনের চুক্তি মোতাবেক উত্তর কোরিয়া পুনরায় পারমাণবিক বিস্তার রোধ, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবং জাতিসংঘের পারমাণু তদন্তকারীদের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্য অবসানের পর প্রস্তাবটি পাশ হয়। চীন চুক্তির কয়েকটি বিষয়, যেমন, চুল্লির ধরণ সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিল। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে চীনের বিরোধিতা করে।
চলতি বছরের নভেম্বরের প্রথম দিকে ছয় জাতি আলোচনার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
