কলম্বিয়ার উদ্বাস্তুদের বাঁচাতে ডব্লিউএফপি-এর আবেদন
গৃহযুদ্ধের কারণে কলম্বিয়া ছেড়ে ইকুয়েডরে আশ্রয় নেওয়া হাজার হাজার উদ্বাস্তুকে বাঁচাতে জরুরি খাদ্য সাহায্যের আবেদন জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।
বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) কলম্বিয়ার এক হাজার তিনশ’ ৫০ জন শিশুসহ ছ’হাজার উদ্বাস্তুকে খাদ্য সহায়তা প্রদানের জন্য ১০ লাখ ডলার অনুদান আহবান করেছে।
২০০০সাল থেকে এ পর্যন্ত ৩০ হাজার কলম্বিয়াবাসী ইকুয়েডরে আশ্রয় নিয়েছে। তাদের ১১ হাজারের মত সেখানে উদ্বাস্তু হিসেবে পরিগনিত বলে জানিয়েছে জাতিসংঘ।
ইকুয়েডরে কলাম্বিয়ান উদ্বাস্তুরা স্থানীয়দের দ্বারা বৈষম্য ও দারিদ্র্যের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি ডেনমার্কের দেওয়া দু’লাখ ৫০ হাজার ডলার অর্থে কলম্বিয়া খাদ্য কর্মসূচির তহবিল গঠিত হয়। অচিরেই এই অর্থ ফুরিয়ে যাবে এবং ত্রাণ তৎপরতায় অর্থ সংকট দেখা দেবে বলে ডব্লিউএফপি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
