২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহারে রাইসের সতর্কতা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান মিশন পরিত্যাগ করা অবশ্যই উচিত নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 09:04 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তিনি বলেন, শত্রুর হাতে ইরাককে ছেড়ে দেওয়ার পরিণতি মার্কিন জনগণ উপলব্ধি করতে সক্ষম হবে।

তিনি বলেন, ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত কেবল প্রতিটি শত্রুকে উজ্জীবিত করবে।

সম্প্রতি এক মতামত জরিপে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ইরাক নীতির পক্ষে সমর্থন কমতে শুরু করেছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে রাইস স্বীকার করেছেন যে, ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র যে ত্যাগ স্বীকার করছে, তা ইতিহাসে বিরল। তার বক্তব্যে ইতোমধ্যে ইরাকে দুই হাজার মার্কিন সেনার প্রাণ হারানোর কথা তিনি উল্লেখ করেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কোন শত্রুর বিরুদ্ধে লড়াই করছে তা নির্দিষ্ট করতে তিনি জোর আরোপ করেন।

তিনি বলেন, ইরাকে যা হচ্ছে তা তৃণমূল পর্যায়ে জাতীয় প্রতিরোধ নয়। ওরা হচ্ছে হত্যাকারী। তারা মধ্যপ্রাচ্যের মুসলমানদের মধ্যে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে চায়।

ইরাকে মার্কিন সামরিক অভিযানকে যে সমস্ত দেশ সমর্থন দেয়নি রাইস তাদের সমালোচনা করেছেন। তার ভাষায়, ইরাকে সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক কাজটিই করেছে।

তিনি বলেন, গণতন্ত্রের ধারক-বাহকরা যদি শক্তি ছাড়া তাদের আদর্শ প্রচার ও প্রসার করতে যায়, তাহলে তারা নির্যাতিত মানুষের জীবনে কোন পরিবর্তন আনতে পারেন না।

রাইস বলেন, যেখানে শত্রুর উপস্থিতি বাস্তব একটি ব্যাপারে, সেখানে গণতান্ত্রিক আদর্শের পক্ষাবলম্বী দেশগুলোর উচিত মিত্রশক্তিকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিকসহ সকল উপায়ে সহযোগিতা করা। সামরিক অভিযানের সময়ও এটা করা উচিত।

তিনি বলেন, ইরাকিদের উচিত ইরাক পুনর্গঠনে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যথাসাধ্য সহায়তা করা। আর ইরাকের প্রতিবেশী দেশগুলোর উচিত দেশটিকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া।