হংকংয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডার মৃত্যু
হংকংয়ে একটি বিনোদোন পার্কের চিড়িয়াখানায় বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা মারা গেছে। অ্যান অ্যান নামের এই পান্ডাটির বয়স হয়েছিল ৩৫ বছর।
বৃহস্পতিবার ইউথানাইজের মাধ্যমে কম যন্ত্রণাদায়কভাবে পান্ডাটির মৃত্যু ঘটানো হয় বলে জানিয়েছে বিবিসি।
পান্ডার জীবনের ৩৫ বছর মানুষের সঙ্গে তুলনা করলে ১০৫ বছরের সমান।
ওশান পার্ক চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, কয়েক সপ্তাহ ধরে অ্যানের স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছিল। তার খাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল। শেষ সময়ে সে খাবার খাওয়া বন্ধ করে দেয়।
পান্ডাটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল এবং সে নির্জীব হয়ে পড়েছিল। পান্ডাটিকে এভাবে ধুঁকে ধুঁকে মরতে দেখে পার্কের কর্মকর্তারা তার কষ্ট কমাতে ইউথানাইজ করার সিদ্ধান্ত নেন বলে বৃহস্পতিবার জানানো হয়েছে এক বিবৃতিতে।
১৯৯৯ সালে নারী পান্ডা জিয়া জিয়ার সঙ্গে অ্যান অ্যানকে উপহার হিসেবে হংকংকে দিয়েছিল চীন। তারপর থেকে তারা হংকং থিম পার্কেই একসঙ্গে ছিল। পান্ডা দুটিকে সিচুয়ান থেকে আনা হয়েছিল।
২০১৬ সালে ৩৮ বছর বয়সে জিয়া জিয়ার মৃত্যু হয়। মৃত্যুর সময়ে সেটি ছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী পান্ডা। এর প্রায় ছয় বছর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা হিসেবে অ্যান অ্যান মারা গেল।
বুনো প্রকৃতিতে পান্ডা সাধারণত গড়ে ২০ বছর বাঁচে। তবে পোষা বা বন্দি অবস্থায় একটু বেশি বয়সই বাঁচে এই প্রাণী।
ওশান পার্ক এর চেয়ারম্যান পাওলো পং বলেন, “অ্যান অ্যান বেশ চতুর এবং খেলাধুলায় পটু ছিল। আমাদের অনেক আনন্দ দিত পান্ডাটি। তাকে খুব মনে পড়বে।”
অ্যান অ্যান চলে যাওয়ার পর এখন ওশান পার্ক চিড়িয়াখানায় আছে আরও দুটি পান্ডা, এদের নাম ইং ইং এবং লি লি।
