যুক্তরাষ্ট্রও ভুল করেছে: বাইডেনকে পাল্টা জবাব সৌদি যুবরাজের
সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের জবাবে সৌদি যুবরাজ বলেছেন, খাশুগজি হত্যাকাণ্ড ‘ভুল ছিল এবং যুক্তরাষ্ট্রও এমন ভুল করেছে’।
যুবরাজ মোহাম্মদের বরাত দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে শনিবার জানায় বার্তা সংস্থা রয়টার্স।
২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি আরবের দূতাবাসে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশুগজিকে হত্যা করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ডের বিষয়টি তুলেছেন এবং বলেছেন, তিনি এজন্য ‘সৌদি যুবরাজকেই দায়ী বলে মনে করেন’।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ‘‘প্রেসিডেন্ট বৈঠকে (খাশুগজি হত্যাকাণ্ডের) বিষয়টি তুলেছিলেন...জবাবে যুবরাজ বলেছেন, এটা সৌদি আরবের জন্য বেদনাদায়ক এক অধ্যায় এবং ওটা একটি মারাত্মক ভুল ছিল।
‘‘যাদের বিরুদ্ধে খাশুগজি হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে এবং কারাদণ্ডের সাজা দেয়া হচ্ছে।’’
যু্ক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস যুবরাজ মোহাম্মদের নির্দেশেই খাশুগজিকে হত্যা করা হয়েছে। যদিও যুবরাজ বরাবর ওই অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মত মধ্যপ্রাচ্য সফরে শুক্রবার সৌদি আরব পৌঁছেছেন জো বাইডেন। ওইদিন তিনি যুবরাজ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন।
শনিবার তিনি ছয় পারস্য উপসাগরীয় দেশ এবং মিশর, জর্ডান ও ইরাকের সঙ্গে একটি সম্মেলনে অংশ নেন।
শুক্রবারের বৈঠকে দুইনেতা কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী জুবায়ের রয়টার্সের সঙ্গে কথা বলেন।
যুবরাজ মোহাম্মদের বরাত দিয়ে তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র নিজেদের মতাদর্শ আফগানিস্তান ও ইরাকের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কাজ করেনি। সত্যি বলতে সেটা বরং ব্যাকফায়ার করেছে। যখন লোকজন অন্যান্য দেশের উপর নিজেদের মতাদর্শ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন সেটা কাজ করে না।
‘‘প্রতিটি দেশের আলাদা আলাদা মতাদর্শ রয়েছে এবং প্রত্যেকের মতাদর্শকে সম্মান করা উচিত।”
খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে এক সময় বাইডেন প্রতিজ্ঞা করেছিলেন তিনি সৌদি আরবকে এজন্য বিশ্বমঞ্চে ‘একঘরে’ করে ছাড়বেন। কিন্তু আজ পরিস্থিতি একেবারেই ভিন্ন। ইউক্রেইন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থায় রয়েছে। রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপের কারণে তেলের বাজারে চরম বিশৃঙ্খলা চলছে। তেলের দাম রেকর্ড গড়েছে। যার জেরে পুরো বিশ্বে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে।
রাশিয়ার সঙ্গে পেরে উঠতে এখন বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং আরব বিশ্বের শক্তিশালী দেশগুলোর সমর্থন ও সহযোগিতা যুক্তরাষ্ট্রের খুবই প্রয়োজন। তাই অতীতের সব প্রতিজ্ঞা ভুলে বাইডেন দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে চাইছেন।
যুবরাজের বরাত দিয়ে জুবায়ের আরো বলেন, ‘‘যুবরাজ মোহাম্মদ প্রেসিডেন্টকে বলেছেন, (খাশুগজি হত্যাকাণ্ডের মত) ভুল অন্যান্য দেশেও হয়েছে এবং ইরাকের আবু ঘ্রাইব কারাগারে আমরা যুক্তরাষ্ট্রকে একই ধরনের একটি ভুল করতে দেখেছি।”
বৈঠকে যুবরাজ মোহাম্মদ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান চলার সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ডের প্রসঙ্গও তোলেন বলে জানান ওই মন্ত্রী।
নিহত সাংবাদিক শিরিন আল জাজিরার হয়ে কাজ করতেন। গত ১১ মে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের অভিযান নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ফিলিস্তিনিদের বিশ্বাস, ইসরায়েলি বাহিনী ইচ্ছা করে শিরিনকে গুলি করেছে। ইসরায়েল ওই অভিযোগ অস্বীকার করেছে।
সৌদি আরবের কারাগারগুলোতে শত শত মানুষকে রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর।
ওই অভিযোগ অস্বীকার করে জুবায়ের আরো বলেন, ‘‘এ কথা একদমই সত্য নয়। সৌদি আরবে আমাদের কারাগারগুলোতে যারা বন্দি আছেন তারা সবাই অপরাধী, যাদের আমাদের আদালতে বিচার হয়েছে এবং সেখানে তারা দোষীসাব্যস্ত হয়েছেন।
‘‘তাদের রাজনৈতিক বন্দি বলে বর্ণনা করা হবে এমদমই হাস্যকর।”
