২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা: স্পিকার

দেশ ছেড়ে পালানোর পর শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 10:40 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

শুক্রবার সকালে এক বিবৃতিতে তিনে বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা। 

স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার মানুষ দেশের এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করে আসছে।

প্রবল গণবিক্ষোভের মুখে বুধবার তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিলেও মঙ্গলবার রাতে তিনি একটি সামরিক বিমানে করে পালিয়ে মালদ্বীপে চলে যান। বৃহস্পতিবার সেখান থেকে সৌদিয়ার একটি ফ্লাইটে পৌঁছান সিঙ্গাপুরে।

এদিকে প্রেসিডেন্টের পদত্যাগপত্র স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের হাতে না পৌঁছানোয় শ্রীলঙ্কায় রাজনৈতিক জটিলতা বাড়তে থাকে।

তার পদত্যাগপত্র হাতে পেলে তবেই স্পিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারেন, সেজন্য শুক্রবার পার্লামেন্টের অধিবেশন শুরু এবং ২০ জুলাই প্রসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির তারিখ ঠিক করে দিয়েছিলেন তিনি।

কিন্তু প্রেসিডেন্টের পদত্যাগপত্র হাতে না পাওয়ায় শুক্রবার পার্লামেন্ট বসছে না বলে বৃহস্পতিবার জানান স্পিকার।

পরে রাতে খবর আসে, স্পিকারকে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুরে শ্রীলঙ্কার হাই কমিশনের মাধ্যমে তা কলম্বোতে পৌঁছেছে। 

রয়টার্স জানিয়েছে, সেই পদত্যাগপত্র ও সই যাচাই করার পর শুক্রবার সকালে আনুষ্ঠানিক বিবৃতিতে তা গ্রহণ করার কথা জানালেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

তিনি বলেন, “এখন আমরা সংবিধান অনুযায়ী নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কাজ শুরু করব।”

রাজাপাকসের পদত্যাগপত্র পাঠানোর খবর পেয়ে রাতেই রাজধানী কলোম্বোতে নেচে-নেচে আনন্দ করে হাজারো মানুষ, যারা গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

বিবিসি-কে এক বিক্ষোভকারী বলেছেন, “আমরা যারপর নাই খুশি। এটি জয়ের মুহূর্ত বলেই আমরা মনে করছি।”

গোটাবায়া তার স্ত্রী এবং দুই দেহরক্ষীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেছেন বলেই খবর পাওয়া গেছে।

সিঙ্গাপুর সরকার বলেছে, গোটাবায়াকে ব্যক্তিগত সফরে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন না সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন, তা এখনও স্পষ্ট নয়।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গোটাবায়া রাজাপাকসে রাজনৈতিক আশ্রয়ের কোনো আবেদন করেননি, তাকে রাজনৈতিক আশ্রয়ও দেওয়া হয়নি। সিঙ্গাপুর রাজনৈতিক আশ্রয়ের আবেদন সাধারণত অনুমোদন করে না।

এদিকে রাজাপাকসে বিদেশ থেকেই বার্তা পাঠিয়ে পুরনো মিত্র প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন, যার বিরোধিতা করেছে বিক্ষোভকারীদের।

গত ৮ জুলাই প্রেসিডেন্টের সরকারি বাসভবন দখল করে নেওয়ার পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে আগুন দিয়েছিল জনতা। সে সময় বিক্রমাসিংহে নিজেই বলেছিলেন, তিনি পদত্যাগ করতে প্রস্তুত। কিন্তু এখন তিনি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন।

বুধবার তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করা হলে উত্তেজিত জনতা প্রধানমন্ত্রীর দপ্তরও দখল করে নেয়। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেন বিক্রমাসিংহে। তবে রাজাপাকসের পদত্যাগের দাবি পূরণ হওয়ায় কলম্বো এখন শান্ত। 

প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে জটিলতার অবসান হওয়ায় রনিল বিক্রমাসিংহে শুক্রবারই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন বলে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানিয়েছে।

পুরনো খবর

সিঙ্গাপুরে যাওয়ার পর পদত্যাগপত্র পাঠালেন গোটাবায়া  

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে গেলেন মালদ্বীপে

শ্রীলঙ্কায় রাজাপাকসে রাজত্বের কলঙ্কময় ইতি  

যেভাবে এই দুর্দশায় পড়ল শ্রীলঙ্কা

পথে পথে সৈন্য, অনিশ্চিত ভবিষ্যতের মুখে কলম্বো শান্ত