মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
জনরোষ থেকে বাঁচতে মালদ্বীপে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সেখান থেকে পৌঁছেছেন সিঙ্গাপুরে।
সিঙ্গাপুর সরকার বলেছে, প্রেসিডেন্ট রাজাপাকসেকে ব্যক্তিগত সফরে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বিবিসি লিখেছে, রাজাপাকসে সিঙ্গাপুরে অবস্থান করবেন না সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন, তা এখনও স্পষ্ট নয়।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গোটাবায়া রাজাপাকসে রাজনৈতিক আশ্রয়ের কোনো আবেদন করেননি, তাকে রাজনৈতিক আশ্রয়ও দেওয়া হয়নি। সিঙ্গাপুর রাজনৈতিক আশ্রয়ের আবেদন সাধারণত অনুমোদন করে না।
স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার মানুষ দেশের এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করে আসছে।
প্রবল গণবিক্ষোভের মুখে বুধবার তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিলেও মঙ্গলবার রাতে তিনি একটি সামরিক বিমানে করে পালিয়ে মালদ্বীপে চলে যান। পরদিন সেখান থেকে সৌদিয়ার একটি ফ্লাইটে পৌঁছান সিঙ্গাপুরে।
এদিকে বৃহস্পতিবারও প্রেসিডেন্টের পদত্যাগপত্র স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের হাতে না পৌঁছানোয় শ্রীলঙ্কায় রাজনৈতিক জটিলতা বাড়ছে।
তার পদত্যাগপত্র হাতে পেলে তবেই স্পিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। সেজন্য শুক্রবার পার্লামেন্টের অধিবেশন শুরু এবং ২০ জুলাই প্রসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির তারিখ ঠিক করে দিয়েছিলেন তিনি।
কিন্তু প্রেসিডেন্টের পদত্যাগপত্র হাতে না পাওয়ায় শুক্রবার পার্লামেন্ট বসছে না বলে জানিয়েছেন স্পিকার।
বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট থাকা অবস্থায় আইন অনুযায়ী গোটাবায়া রাজাপাকসেকে গ্রেপ্তার করার সুযোগ নেই। নতুন সরকার এলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি থাকবে ধরে নিয়েই তিনি পদত্যাগপত্র জমা দিতে সময় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গোটাবায়া রাজাপাকসে বিদেশ থেকে বার্তা পাঠিয়ে পুরনো মিত্র প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার পর জনরোষ এখন কেন্দ্রিভূত হয়েছে প্রধানমন্ত্রীর ওপর। তার দপ্তর দখল করে বুধবার দিনভর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে হাজারো জনতা।
পরিস্থিতি সামাল দিতে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করেছিলেন রনিল বিক্রমাসিংহে। মাঝে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ফের কারফিউ দেওয়া হয়েছে কলম্বো জেলায়।
গত শুক্রবার বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে আগুন দেওয়ার পর থেকে তিনি অজ্ঞাত স্থানে থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছেন।
রয়টার্স জানিয়েছে, বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অন্তত ৮৪ জন বিক্ষোভকারী আহত হয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ২৬ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে, কাঁদুনে গ্যাসের কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল।
