অ্যাপার্টমেন্ট ভবনে রুশ হামলায় নিহত ১৫, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে: ইউক্রেইন
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের চাসিভ ইয়ার শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার রকেট হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিইভ।
পাঁচতলা ওই ভবনটির ধ্বংসস্তূপের নিচে একটি শিশুসহ অন্তত দুই ডজন মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকর্মীরা এখন জঞ্জাল সরিয়ে তাদেরকে জীবিত উদ্ধারে লড়ছেন, বলেছে তারা।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক চাসিভ ইয়ারে শনিবার সন্ধ্যার এ হামলাকে মস্কোর ‘আরেকটি সন্ত্রাসী হামলা’ অভিহিত করে রাশিয়াকে ‘সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র’ তকমা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
উদ্ধারকারীরা রোববার যখন কংক্রিটের স্ল্যাব সরাতে ক্রেন ব্যবহার করেছেন, হাত দিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছেন, তখন ভবনটির বেঁচে যাওয়া বাসিন্দাদেরকেও তাদের ব্যক্তিগত জিনিসপত্র হাতড়ে বেড়াচ্ছিলেন। কী অলৌকিকভাবে তারা বেঁচে গেছেন, সেই গল্পও করছিলেন তারা।
বগলের নিচে আয়রনিং বোর্ড, একটি ছাতা ও প্লাস্টিকের একটি শপিং ব্যাগ নিয়ে ক্ষতিগ্রস্ত ভবনটির বাইরে এক নারীকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। এই বুঝি নতুন কোনো মৃতদেহ মিলল, এই আতঙ্ক নিয়ে অন্যরা চুপচাপ উদ্ধারকাজ দেখছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনকে ‘নিরস্ত্র’ ও ‘নাৎসিমু্ক্ত’ করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন।
তার এ ঘোষণার পর ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাত দেখছে, যা এরই মধ্যে কয়েক হাজার লোকের প্রাণ কেড়ে নিয়েছে, অসংখ্য ছোট-বড় শহর তছনছ হয়ে গেছে, ইউক্রেইনের অন্তত ৫৫ লাখ নাগরিক উদ্বাস্তুতে পরিণত হয়েছে।
কিইভ বলছে, মিথ্যা অজুহাত দেখিয়ে রাশিয়া সাম্রাজ্যবাদী কায়দায় ভূমি দখলের জন্যই এ যুদ্ধ শুরু করেছে। আর মস্কো বলছে, তাদের অভিযানে বেসামরিকদের লক্ষ্য করে কোনো হামলাই হচ্ছে না।
অভিযানের শুরুর দিকে রুশ বাহিনী কিইভের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও পশ্চিমা অস্ত্রশস্ত্রের সাহায্যে ইউক্রেইনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা সেই পরিকল্পনা বাদ দিয়ে দক্ষিণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পূর্বাঞ্চলীয় দনবাস তাদের মিত্রদের হাতে তুলে দিতে মনোযোগী হয়।
দনবাসের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। রাশিয়ার অভিযান শুরুর আগেই ওই দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের অনেকখানি অংশ বিচ্ছিন্নতাবাদীদেরই নিয়ন্ত্রণে ছিল।
রাশিয়া ও এর মিত্ররা এরই মধ্যে লুহানস্ককে কিইভবাহিনী মুক্ত করার দাবি করেছে। লড়াই এখন চলছে দোনৎস্ককে ঘিরে।
রুশ বাহিনী দোনেৎস্কের স্লোভিয়ানস্ক শহরের কাছে ইউক্রেইনীয় বাহিনীর ওপর হামলা চালালেও পাল্টা প্রতিরোধের মুখে তারা পিছু হটেছে বলে রোববার জানিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনী।
লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই বলেছেন, রুশ বাহিনী স্লোভিয়ানস্কের ৫০ কিলোমিটার পূর্ব দিকে বিলোহোরিভকা গ্রামের কাছে অবস্থান নিয়েছে।
“রাশিয়া আশপাশের এলাকাগুলোতে গোলা ছুড়ছে, বিমান হামলা চালাচ্ছে, কিন্তু তারা এখনও সমগ্র লুহানস্ক অঞ্চল কব্জায় নিতে পারেনি,” বলেছেন তিনি।
আর মস্কো গত সপ্তাহেই লুহানস্কের পুরোটা তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছিল।
রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দোনেৎস্কের কোস্তিয়ানতাইনিভকা শহরের কাছে দুটো হ্যাঙ্গার ধ্বংস করেছে, যেগুলোতে যুক্তরাষ্ট্রের বানানো এম৭৭৭ হাউইৎজার কামান রাখা ছিল। দোনেৎস্কে মস্কো সমর্থিতদের নিয়ন্ত্রণে থাকা অংশে আবাসিক এলাকায় এগুলো দিয়ে হামলা হত বলেও দাবি তাদের।
বিচ্ছিন্নতাবাদীদের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ইউক্রেইনের সেনাবাহিনী এদিন সকাল থেকেই দোনেৎস্কে নেটোর দেওয়া ১৫৫ এমএম আর্টিলারি দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে; হামলায় অন্তত ২ জন বেসামরিক আহত হয়েছে বলেও জানিয়েছে তারা।
রয়টার্স এসবেোনো দাবিরই সত্যতা যাচাই করতে পারেনি। তাৎক্ষণিকভাবে ইউক্রেইনের সামরিক বাহিনীর মুখপাত্রদের মন্তব্যও পাওয়া যায়নি।
দক্ষিণে ইউক্রেইনীয় বাহিনী গোলাবারুদের ডিপোসহ একাধিক রুশ অবস্থানে ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনীর কমান্ড।
ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক রোববার রুশ নিয়ন্ত্রণে থাকা খারসন থেকে দ্রুত বেসামরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কিইভবাহিনী ওই অঞ্চলটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে।
“সেখানে কোনো নারী বা শিশু থাকা উচিত নয় বলে মনে করি আমি, আর তাদেরকে মানবঢাল বানানোও উচিত হবে না,” ইউক্রেইনের টিভিতে এমনটাই বলেছেন তিনি।
