২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাইয়ে হাসপাতালে ছুরি হামলায় আহত ৪

চীনের অর্থনৈতিক হাব সাংহাইয়ে সুপরিচিত একটি হাসপাতালে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৪ জন সামান্য জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 02:16 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

শনিবার স্থানীয় সময় সকালের দিকে ১০০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাওয়া রুইজিন হাসপাতালে এ ছুরি হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোভিড মোকাবেলায় টানা লকডাউন শেষে জুনের প্রথম দিকে বিধিনিষেধ তুলে নেওয়ার পর সাংহাইয়ে এ নিয়ে দ্বিতীয় ছুরি হামলার খবর মিলল।

শনিবার হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে হাসপাতালের দরজা দিতে বের হতে চাওয়া আতঙ্কিত দর্শনার্থীদের হুডোহুডির চিত্র দেখা গেছে; চিকিৎসকদেরকে দেখা গেছে হুইলচেয়ার বা মোবাইল বেডে থাকা রোগীদের নিয়ে দৌড়াতে।

একটি ভিডিওতে সিঁড়ির মার্বেল পাথরে রক্তের দীর্ঘ দাগও দেখা গেছে।

“খুবই মর্মান্তিক। খুবই হতাশাজনক। সমাজের হল টা কী?,” বলেছেন হাসপাতালটি সিলগালা করে দেওয়ার পরপরই চেকআপের জন্য আসা সাংহাইয়ের এক বাসিন্দা। তিনি তার নাম বলতে রাজি হননি।

চীনের হাসপাতালগুলোর দুর্নীতি, চিকিৎসকের সঙ্গে দেখা করতে রোগীদের লম্বা লাইন, রোগীর হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার খবর নিয়মিতই দেশটির গণমাধ্যমে পাওয়া যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পুলিশ সাংহাইয়ের ওই হাসপাতালের বহির্বিভাগের সপ্তম তলায় ছুরি হাতে থাকা এক ব্যক্তিকে পায়, যিনি অন্য একজনকে জিম্মি করে রেখেছিলেন।

জিম্মিকে আঘাত করার হুমকি দেওয়ার পর পুলিশ গুলি চালালে ওই ব্যক্তি বশে আসে, বলেছে পুলিশ।

আহতদের কারও অবস্থাই গুরুতর নয় বলেও জানিয়েছে তারা। কেন এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

রুইজিন হাসপাতাল ঘিরে রাখা হয়েছে এবং সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে, হাসপাতালের বাইরে থাকা উৎসুক লোকজনকে বলেছেন এক পুলিশ কর্মকর্তা।

এর আগে গত সপ্তাহের সোমবার সাংহাইয়ের শহরতলীর জিনগান জেলা এক ছুরি হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল।