২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবের ওপর ‘অসন্তুষ্ট’ ছিলেন সন্দেহভাজন খুনি, জানিয়েছে পুলিশ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে জীবিত থাকার গুরুত্বপূর্ণ কোনো লক্ষণ ছাড়াই কয়েক ঘণ্টা হাসপাতালে ছিলেন বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 05:05 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

হত্যাচেষ্টার দায়ে পুলিশ ইয়ামাগামি তেতসুইয়াকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী সূত্রগুলো দেশটির সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে জানিয়েছে, ঘটনাস্থল থেকে জব্দ করা বন্দুকটি হাতে তৈরি বলে মনে করা হচ্ছে।

যে নারা শহরে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে সেখানেই ৪১ বছর বয়সী তেতসুইয়া বসবাস করেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো এনএইচকে-কে জানিয়েছে, সন্দেহভাজন জাপানের মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সে ২০০৫ পর্যন্ত তিন বছর কাজ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন তেতসুইয়া তদন্তকারীদের বলেছেন যে তিনি সাবেক প্রধানমন্ত্রী আবের ওপর অসন্তুষ্ট ছিলেন এবং তাকে হত্যা করতে চেয়েছিলেন। 

এনএইচকের সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা সদস্যদের কোনো একজনকে আটক করতে দেখা গেছে।   

এনএইচকে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে।

গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবে গুলিবিদ্ধ হওয়ার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করার পরও ৪১ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী তেতসুইয়া ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলেন, তবে অস্ত্রটি হাত থেকে ফেলে দেন। সেখানেই তাকে আটক করে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা, অস্ত্রটিও উদ্ধার করে।

আবে জাপানের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ৩ মিনিটে (০৮:০৩ জিএমটি) মারা যান বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই নারা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা।

শিনজো আবে: জাপানের শির আরও উঁচুতে তোলা ছিল যার লক্ষ্য  

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা  

গুলিবিদ্ধ শিনজো আবে হাসপাতালে