কানাডার ব্যাংকে গোলাগুলি, ২ বন্দুকধারী নিহত
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় দুই বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের কাছে অবস্থিত ভ্যাঙ্কুবার আইল্যান্ডের সানিচে ব্যাংক অব মন্ট্রিলে এ গোলাগুলি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গোলাগুলিতে ৬ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, খবর পেয়ে জরুরি প্রতিক্রিয়া দলের সদস্যরা স্থানীয় সময় ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।
“ঘটনা এখনো চলমান, এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি আছে। সন্দেহভাজনদের একটি গাড়িতে সম্ভাব্য একটি বিস্ফোরক ডিভাইসের উপস্থিতি পাওয়ার কারণে ঘটনাস্থলের কাছাকাছি থাকা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে,” নিজেদের ওয়েবসাইটে বলেছে সানিচ পুলিশ।
পরে পুলিশ জানায়, তারা লোকজনকে দেওয়া নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা তুলে নিলেও সম্ভাব্য বোমা নিয়ে হুমকি থাকায় ব্যাংকের কাছের ব্লকটি বন্ধই রেখেছে।
সন্দেহভাজনদের কাছে ‘ব্যাপক অস্ত্রশস্ত্র’ ছিল এবং তারা বর্ম পরিহিত ছিল বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন সানিচ পুলিশের প্রধান ডিন ডুথি।
ছবি: রয়টার্স
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে গুলির শব্দের দিকে একাধিক পুলিশ সদস্য ও একটি পুলিশের কুকুরকে দ্রুত পায়ে হেঁটে যেতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী কারও কাছে ঘটনার কোনো ভিডিও থাকলে পুলিশ তা জমা দিতে অনুরোধ করেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
“বিশৃঙ্খল, মর্মান্তিক, পরিবর্তনশীল, সহিংস ঘটনাটি সম্পর্কে আমি যতখানি জানি, তাতে কোনো (বেসামরিক) নাগরিক যে আহত হয়নি, তা সত্যিই অভাবনীয়,” বলেছেন ডুথি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, সহিংস এ ঘটনায় তিনি ‘স্তম্ভিত ও দুঃখিত’।
