নবীকে নিয়ে মন্তব্যের বদলায় কাবুলের শিখ মন্দিরে হামলা: আইএস
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে শনিবারের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত হওয়া মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যের প্রতিশোধ নিতেই তারা ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
ইসলামপন্থি জঙ্গিদল আইএস-র আফগানিস্তান শাখা থেকে এক টেলিগ্রাম চ্যানেলে রোববার এ দাবি করা হয়।
বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী নূপুরের মন্তব্যের জেরে বিতর্ক যখন ভারতের গণ্ডি পেরিয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই কাবুলের মন্দিরে হামলার কারণ হিসেবে এই ঘটনার কথা উল্লেখ করল আইএস জঙ্গিরা।
কাবুলে হামলার স্বীকারোক্তি দিয়ে আইএস বলেছে, শনিবার সকালে একজন আত্মঘাতী হামলাকারী একটি মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড হাতে মন্দিরে হামলা চালায়। প্রথমে সে মন্দিরের রক্ষীকে হত্যা করে এবং তারপর মন্দিরের ভেতর তাণ্ডব চালায়।
অন্যান্য জঙ্গিরা তিন ঘন্টার বেশি সময় ধরে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করে। তালেবান যোদ্ধারা মন্দিটি রক্ষার চেষ্টা করছিল।
হামলার পরপরই তালেবানের পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা একটি গাড়ি বিস্ফোরক দিয়ে বোঝাই করেছিল, কিন্তু সেটি লক্ষ্যে পৌঁছানোর আগেই বিস্ফোরিত হয়।
হামলায় এক শিখ উপাসক ও হামলাকারীদের বিরুদ্ধে অভিযানে এক তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে জানান এক তালেবান মুখপাত্র। আহত হয়েছেন সাত জন।
তালেবান শাসকরা বলছে, অগাস্টে ক্ষমতা নেওয়ার পর থেকেই তারা দেশকে নিরাপদ রাখার চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি এখনও বিদ্যমান।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে একাধিক হামলার ঘটনা ঘটেছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট যার কয়েকটির দায়ও স্বীকার করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে খুবই অল্প পরিমাণ শিখ বাস করেন। তালেবান ফের ক্ষমতায় আসার সময় অনেকে দেশটি ছেড়ে চলেও গেছেন বলে সম্প্রদায়টির অনেক সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আফগানিস্তানের অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মতো শিখরাও লাগাতার সহিংসতার শিকার হয়েছে। ২০২০ সালে কাবুলে তাদের অন্য একটি মন্দিরে ইসলামিক স্টেটের (আইএস) হামলা ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল।
শনিবার কাবুলের বিস্ফোরণের আগে শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে বিস্ফোরণের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ; ওই বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়।
