২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজা চোরাচালান: রাশিয়ায় মার্কিন শিক্ষকের ১৪ বছরের কারাদণ্ড

‘বিপুল পরিমাণ’ গাঁজা চোরাচালানের দায়ে সাবেক এক মার্কিন কূটনীতিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 12:59 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

মার্ক ফোগেল নামের ওই ব্যক্তি একসময় মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাসে কাজ করতেন; তবে গ্রেপ্তার হওয়ার সময় তিনি রাশিয়ার রাজধানীতে একটি স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

ফোগেল যে আদালতে শাস্তি পেলেন, সেই একই আদালতে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের বিরুদ্ধেও গাঁজা সংক্রান্ত একটি মামলা চলছে। গাঁজা যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে বৈধ হলেও রাশিয়ায় অবৈধ।

“মার্কিন নাগরিক ফোগেল দোষী সাব্যস্ত,” বিবৃতিতে বলেছে মস্কোর শহরতলীতে অবস্থিত খিমকির আদালত।

এ ইংরেজি শিক্ষক ‘বিপুল পরিমাণ গাঁজা চোরাচালানের’ পাশাপাশি ‘বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই অবৈধভাবে বিপুল পরিমাণ মাদক মজুদ’ রেখেছিলেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বয়স ষাটের ঘরে থাকা ফোগেল তার আইনজীবীদের বলেছিলেন, গত বছরের ১৫ অগাস্ট শেরেমেতেয়াভো বিমানবন্দরে ধরা পড়ার সময় তার লাগেজে ১৭ গ্রামের মতো গাঁজা ছিল।

ধরা পড়ার সময় ফোগেল কী পরিমাণ মাদক বহন করছিলেন এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে রাশিয়ার আইনে অন্তত ১০০ গ্রাম গাঁজা হলেই তাকে ‘বিপুল পরিমাণ’ বলা হয়।

ফোগেলের ভাষ্য, মেরুদণ্ডে অপারেশনের পর চিকিৎসাজনিত কারণে তাকে গাঁজা সেবনের পরামর্শ দিয়েছিলেন এক চিকিৎসক আর রাশিয়ায় যে চিকিৎসার জন্য গাঁজার ব্যবহারও অবৈধ তা জানা ছিল না তার। 

মার্কিন এ নাগরিক মাদক পাচার, মজুদ, বহন, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দোষ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। তাকে সর্বোচ্চ নিরাপত্তাসমৃদ্ধ কারাগারে সাজা ভোগ করার দণ্ড দেওয়া হয়েছে।

তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ফোগেল যেখানে কর্মরত ছিলেন মস্কোর সেই অ্যাংলো-আমেরিকান স্কুলেও অনুসন্ধান চালিয়েছিলেন, ওই অভিযানের ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

বাস্কেটবল তারকা গ্রিনারের বিচার ফের পেছানোর সিদ্ধান্ত দেওয়ার দুইদিন পর খিমকির আদালত ফোগেলকে কারাদণ্ডের সাজা দিল।

ফিনিক্স মারকারি দলের তারকা গ্রিনার ফেব্রুয়ারিতে গাঁজার তেল বহনের অপরাধে আটক হন।

রাশিয়ার কারাগারে এখন সাবেক মার্কিন মেরিন পল হোয়েলানসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন নাগরিক আছেন। গুপ্তচরবৃত্তির দায়ে হোয়েলান ২০২০ সালে ১৬ বছরের সাজা পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের কারাগারেও রাশিয়ার বেশ কয়েকজন নাগরিক বন্দি আছেন।

চলতি বছরের এপ্রিলে দুই দেশ বন্দি বিনিময়ে সম্মত হলে সাবেক এক মার্কিন মেরিনের বিনিময়ে ২০১০ সাল থেকে কারাগারে থাকা এক রুশ পাইলট দেশে ফিরতে পারেন।