২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মার্কিন জোটের হাতে আইএসের জ্যেষ্ঠ নেতা আটক

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 11:52 AM

Updated : 25 Oct 2022, 10:44 AM

বৃহস্পতিবার ভোরে চালানো এক অভিযানে তাকে আটক করা হয় বলে জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন বছর আগে যুদ্ধক্ষেত্রে আইএস পরাজিত হলেও তারপর থেকে তারা বিদ্রোহী হামলা চালিয়ে আসছে। মার্কিন জোট জঙ্গি এই গোষ্ঠীটির সদস্যদের লক্ষ্য করে অভিযান পরিচালনার পাশাপাশি হামলা চালিয়ে আসছে।   

বিবৃতিতে জোট বলেছে, “আটক এই ব্যক্তিকে একজন অভিজ্ঞ বোমা প্রস্তুতকারক ও সাহায্যকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। সে সিরিয়ায় গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা।”

Image
ফাইল ছবি: রয়টার্স

ফাইল ছবি: রয়টার্স

বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে কোনো বেসামরিক আঘাত পায়নি এবং জোট বাহিনীর কোনো আকাশযানও ক্ষতিগ্রস্ত হয়নি। 

তবে বৃহস্পতিবার সিরিয়ার কোনো অংশে এই অভিযান চালানো হয়েছে তা নির্দিষ্টভাবে জানায়নি মার্কিন জোট।

এদিন সকালে তুরস্কের সমর্থনপ্রাপ্ত সিরিয়ার বিদ্রোহীদের পৃথক একটি গোষ্ঠীর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, জোটের বাহিনীগুলো তুরস্কের সীমান্তের ঠিক দক্ষিণে আল-হামাইরা গ্রামে হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়েছে, ওই এলাকায় এ ধরনের প্রথম অভিযান এটি। 

তুরস্কের সমর্থনপ্রাপ্ত সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) মুখপাত্র মেজর ইউসেফ হামওউদ জানান, অভিযানে যুক্তরাষ্ট্রের নির্মিত চিনুক ও ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তবে ওই সময় ঠিক কী ঘটেছে তা পরিষ্কার হয়নি। 

“এসএনএর নিয়ন্ত্রণে থাকা এলাকায় (মার্কিন) হেলিকপ্টার নামিয়ে চালানো প্রথম অভিযান এটি,” বলেন তিনি।

অভিযানের সময় দু্’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে ওই এলাকার বিদ্রোহীদের সংস্পর্শে থাকা একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সিরিয়ার ইদলিব প্রদেশে জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এর নিয়ন্ত্রিত এলাকায় হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়েছিল। ওই অভিযান আইএসের নেতা আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরেইশির মৃত্যু হয়।

আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর পর থেকে কুরেইশি গোষ্ঠীটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আরেক অভিযান চলাকালে বোমা বিস্ফোরণ ঘটানোর সময় বাগদাদি নিহত হয়েছিলেন।