২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটোকে আরও বেশি বেশি চাই বাল্টিক দেশগুলোর, কতটুকু পাবে?

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে দারুণ উদ্বেগে পড়েছে বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তারা ওই অঞ্চলে যুদ্ধের জন্য তৈরি নেটো বাহিনীর আরও ১০ গুণ বেশি উপস্থিতি কামনা করছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jun 2022, 11:56 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

তারা যেমনটি চাইছে তেমনটি দিতে গেলে স্নায়ু যুদ্ধের পর ইউরোপে নেটোর সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় উপস্থিতির প্রয়োজন পড়বে। আর তা করা সম্ভব নয় বলেই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নেটোর সাতজন জ্যেষ্ঠ কূটনীতিক ও কর্মকর্তা।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেটোর জন্য বাড়তি তহবিলের অনুমোদন দেয়। এছাড়া, পেন্টাগন থেকে এস্তোনিয়ায় এফ-৩৫ স্টেলথ ফাইটার এবং আকাশ থেকে আক্রমণ করতে সক্ষম হেলিকপ্টার পাঠানো হয়েছে। এস্তোনিয়ার ‘তাপা’ সামরিক ঘাঁটিতে যুক্তরাজ্য সেনা উপস্থিতি দ্বিগুণ করেছে। এখন সেখানে দেশটির প্রায় ১৭ ‘ সেনা রয়েছে।

সোভিয়েত রাশিয়া এবং নাৎসি জার্মানি উভয়ই এক সময় এস্তোনিয়ার দখল নিয়েছিল। এছাড়াও, সেন্ট পিটার্সবার্গ থেকে রাশিয়ার অস্ত্রের নাগালের মধ্যেই দেশটির অবস্থান। তাই ওই অঞ্চলের বেশিরভাগই মানুষই সে দেশে নেটোর বর্তমান শক্তিবৃদ্ধিকে যথেষ্ট মনে করছে না। তারা আরও চাইছে।

গত মে মাসে পরিচালিত এক জরিপে দেখা গেছে, লাটভিয়ার প্রায় ৮৫ শতাংশ মানুষ সে দেশে রাশিয়া আক্রমণ চালাতে পারে ভেবে দারুণ উদ্বিগ্ন।

লাটভিয়ার রাজধানী রিগায় ‘দ্য লাটভিয়ান অকুপেশন মিউজিয়াম অ্যাসোসিয়েশন’ এর প্রধান ৮২ বছরের জিন্ত্রা বোন্স বলেন, ‘‘বাস্তবতা হচ্ছে, আমরা বিপদে পড়তে পারি, সব সময় বিষয়টি আলোচনাতেই ছিল। আমাদের জেগে ওঠা খুবই জরুরি এবং সমস্ত ইউরোপই জেগে উঠেছে।”

তিন বাল্টিক দেশই পশ্চিমা সামরিক জোট নেটোর অন্তর্ভুক্ত এবং তিন দেশ মিলিয়ে জনসংখ্যা মাত্র ৬০ লাখের কিছু বেশি। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের আগে সেখানে নানা দেশের প্রায় পাঁচ হাজার সেনা ছিল। তার সঙ্গে ছিল আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা।

৩০ সদস্যের নেটো জোটের বেশিরভাগ ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র নৈতিকভাবে বাল্টিক অঞ্চলে নেটোর সামরিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তাকে সমর্থন করে। কিন্তু বাস্তবে সেখানে সেনা সংখ্যা বৃদ্ধি, আরো সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র জড়ো করার বিষয়ে এখন শুধু প্রতিশ্রুতিই দিতে পারবে তারা।

কূটনীতিক এবং নেটো কর্মকর্তারা বলেছেন, বাল্টিক দেশগুলোতে বিভিন্ন দেশের সেনা উপস্থিতি বাড়ানোর একটি প্রস্তাবে নেতারা একমত হয়েছেন। আর যদি রাশিয়া আক্রমণ করে বসে তবে দ্রুত আরো সেনা পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এছাড়া, নতুন করে আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে, যেটা পরে আসবে।

তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অনেক সদস্য বাল্টিক অঞ্চলে স্থায়ীভাবে নতুন ঘাঁটি বানানোর পক্ষে নন বলে বার্তা সংস্থা রয়টার্স-কে জানান তিন কূটনীতিক। তারা বলেন, এতে কোটি কোটি ডলার ব্যয় হবে এবং সেগুলো টিকিয়ে রাখাও কঠিন। কারণ, বাল্টিক দেশগুলোর নিজেদের তেমন সেনাদল বা সমরাস্ত্র নেই। এছাড়া, সেখানে নেটোর স্থায়ী উপস্থিতিকে মস্কো উসকানি বলে মনে করতে পারে।

একজন নেটো কূটনীতিক বলেন, ‘‘একটি ডিভিশন তৈরির জন্য পর্যাপ্ত নেটো সেনা বাল্টিক দেশগুলো পাবে না। তবে যে সিদ্ধান্তই আসুক তা টেকসই হবে।”বাল্টিক দেশগুলো ওই অঞ্চলে ১৫ হাজারের বেশি স্থায়ী সেনা চাইছে। এছাড়া, মিত্র দেশগুলোতে আরও অনেক সেনা প্রস্তুত রাখাটাও চাইছে তারা।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

পরবর্তী নিশানায় কী তারা?

বাল্টিক দেশগুলোর জন্য আলোচ্য বিষয় খুবই পরিষ্কার। সেটা হল: রাশিয়ার হামলার পরবর্তী নিশানা তারা হতে পারে।

নেটো বর্তমানে ওই অঞ্চল দিয়ে বহুজাতিক সেনাদের চলাচল বাড়িয়েছে। যেটা তাদেরকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মত বাল্টিক দেশগুলোর।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষা প্রধান ভালদেমারাস রুপসিস রয়টার্সকে বলেন, ‘‘যুদ্ধের পর ...আমার মনে হয় না রাশিয়া পরাজিত হবে। তাদের সামরিক সক্ষমতা এখনও অনেক বেশি। কিছু দিন পর..তারা সামারিক বাহিনী দিয়ে আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করবে। দেখবেন আপনি।”

২০১৪ সালে রাশিয়া যখন ইউক্রেইনের কাছ থেকে ক্রাইমিয়া উপদ্বীপ কেড়ে নেয় তখন বাল্টিক দেশগুলো বার বার রাশিয়ার সম্ভাব্য আক্রমণের হুমকির বিষয়ে সতর্ক করেছিল। কিন্তু নেটোর বেশিরভাগ সদস্য তাদের ভয়কে অমূলক বলে উড়িয়ে দিয়েছিল।

এখন বাল্টিক দেশগুলো তাদের অঞ্চলে নেটোর উপস্থিতির ধরণ পাল্টাতে বলছে। কারণ, এখন মস্কো যেভাবে এগুচ্ছে তাতে বোঝা যাচ্ছে তারা জর্জিয়া ও ইউক্রেইনের ছোট একটি অংশের দখল নিতে চাইছে। যেখান থেকে কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক নৌপথের শুরু হয়েছে এবং সেই পথ সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, জার্মানি ও ডেনমার্ককে সংযুক্ত করেছে।

এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা তুউলি দুনতন বলেন, ‘‘রাশিয়া অন্তত ২০ বছর ধরে নেটোর সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি নিয়েছে। অথচ ওই সময়ে নেটোর নজর অন্যান্য দিকে, বিশেষ করে আফগানিস্তানের দিকে ছিল।”

এ বছরের শুরুর দিকে এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২১ সালে রাশিয়া নেটোর পূর্ব সীমান্তে সবচেয়ে বড় যুদ্ধ খেলায় মেতেছিল। তারা সেখানে দুই লাখ সেনা, ২৫০টি বিমান, ২৯০টি ট্যাঙ্ক, ২৪০টি সমরাস্ত্র ব্যবস্থা এবং ৬৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। যেটিকে জ্যাপাড বা পশ্চিম নাম দেওয়া হয়।

 ওই মহড়া নেটোকে আক্রমণ করতে দীর্ঘ দিন ধরে রাশিয়ার প্রস্তুতির প্রমাণ হিসেবে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। অথচ রাশিয়া বলেছিল, তারা সেখানে শুধুই প্রতিরক্ষা মহড়া করছে। তাদের পোল্যান্ড বা বাল্টিক দেশগুলোতে আক্রমণের প্রস্তুতির যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে এখন জানতে রয়টার্স থেকে ক্রেমলিনে ইমেইল করা হলেও এর জবাব পাওয়া যায়নি।

নেটো এর আগে বাল্টিকদেশগুলোর আশঙ্ককে উড়িয়ে দিয়ে আজকের দিন দেখছে। আবারও তারা বাল্টিকদেশেগুলোর আশঙ্কাকে উড়িয়ে দেবে কিনা বা সেকারণে ভবিষ্যতে ওই দেশগুলোও রাশিয়ার হামলার শিকার হবে কিনা তা সময়ই বলে দেবে।