সিভেরোদোনেৎস্কের রাসায়নিক প্ল্যান্টে রাশিয়ার গোলা হামলা
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় সিভেরোদোনেৎস্ক নগরীতে একটি রাসায়নিক প্ল্যান্টে রুশ বাহিনীর গোলা হামলায় আগুন ধরে গেছে। ওই প্ল্যান্টে কয়েকশ মানুষ আশ্রয় নিয়ে আছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।
বিবিসি জানায়, লুহান্সকের গভর্নর সের্হি হাইদাই বলেছেন, রুশ গোলা হামলায় ক্ষতিগ্রস্ত আজত প্ল্যান্টের তেল ছড়িয়ে পড়তে শুরু করলে সেখানে আগুন ধরে যায়।
ইউক্রেইনের কর্মকর্তাদের হিসাবমতে, প্ল্যান্টটির মাটির নিচের শেল্টারগুলোতে ৮০০ বেসামরিক নাগরিক আছে।
গভর্নর সের্হি বলেন, ইউক্রেইন প্ল্যান্টটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে সিভেরোদোনেৎস্ক এর বেশিরভাগই রুশ বাহিনী দখল করেছে বলেও স্বীকার করেন তিনি।
ইউক্রেইনের টিভিতে তিনি বলেন, “আজত প্ল্যান্ট বন্ধ হয়নি। প্ল্যান্টের পাশেই রাস্তায় লড়াই চলছে।”
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতরাতে সিভেরোদোনেৎস্কের রাস্তায় লড়াই চলার কথা বলার পর সেখানকার রাসায়নিক প্ল্যান্টে হামলার এ খবর এল।
ইউক্রেইনের প্রেসিডেন্ট আরও বলেছেন, সেনাবাহিনী আরও পশ্চিমের খেরসন অঞ্চল ধীরে ধীরে মুক্ত করার চেষ্টা করছে।
ইউক্রেইনকে নিরস্ত্র ও ‘নাৎসিমুক্ত’ করতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রতিবেশী দেশটিতে অভিযানে নামা রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ‘দনবাস মুক্ত করার’ দিকে বেশি মনোযোগী হয়েছে।
লুহানস্ক আর দোনেৎস্ক প্রদেশ মিলেই দনবাস; ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সময় রাশিয়া যেসব লক্ষ্য ঠিক করেছিল, তার একটি ছিল দনবাস থেকে ইউক্রেইনীয় বাহিনীকে হটিয়ে সেখানে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
