২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথেন কমাতে গরু-ভেড়ার ঢেকুরের ওপর করারোপের পরিকল্পনা নিউজিল্যান্ডে

গরু ও ভেড়া ঢেকুর তুললে এর জন্য মালিককে কর দিতে হবে। এমনই নিয়ম চালুর পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ড। জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস মিথেন নিঃসরণ কমাতে এ পরিকল্পনা নিয়েছে দেশটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 09:59 PM

Updated : 14 Jul 2022, 06:20 PM

নিউজিল্যান্ডই প্রথম দেশ যারা কৃষকদের পালন করা প্রাণী থেকে মিথেন নিঃসরণের জন্য কর আরোপের এমন পদক্ষেপ নিচ্ছে।

বিবিসি জানায, ৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ডে গরু-ছাগলের সংখ্যা ১ কোটি এবং ভেড়ার সংখ্যা ২ কোটি ৬০ লাখ। দেশটির মোট গ্রিনহাউজ গ্যাস বিশেষত, মিথেনের প্রায় অর্ধেকই নিঃসরণ হয় কৃষিক্ষেত্র ও গবাদি পশু থেকে।

তাপমাত্রা বাড়িয়ে দিতে এবং জলবায়ু-সংকট ত্বরান্বিত করতে মিথেন গ্যাসের প্রভাব খুবই মারাত্মক। কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেনের উষ্ণায়ন ক্ষমতা ৮০ গুণেরও বেশি। তাই চটজলদি বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়াকে ধীরগতির করতে মিথেন নিঃসরণ কমানো খুবই জরুরি।

নিউজিল্যান্ডে মোট মিথেন গ্যাসের ৮৫ শতাংশের বেশি নিঃসরণ হয় দুটি কৃষি উৎস গবাদিপশুর ঢেকুর এবং গোবর থেকে। গরুর ঢেকুর থেকে ৯০-৯৫ শতাংশ মিথেন নিঃসরণ হয়। আর ৫ থেকে ১০ শতাংশ মিথেন নিঃসরণ হয় গরুর গোবর এবং পেট ফাঁপা থেকে।

নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জেমস শ বলেছেন, “আমাদের বায়ুমণ্ডলে যে পরিমাণ মিথেন ফেলছি তা কমাতে হবে। এর জন্য কৃষি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ওপর করারোপের কোনও বিকল্প নেই।”

কর পরিকল্পনার আওতায় ২০২৫ সাল থেকে কৃষকদেরকে গ্যাস নিঃসরণের জন্য মূল্য দিতে হবে।

তবে যে কৃষকরা খাদ্য সংযোজনীর মাধ্যমে গবাদিপশুর জন্য গুনগত মানসম্পন্ন খাবার এবং ফার্মহাউজে গাছ রোপনের মতো পদক্ষেপ নিয়ে গ্যাস নিঃসরণ কমাতে পারবে তাদেরকে প্রণোদনা দেওয়ারও পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড সরকার।

‘ন্যাশনাল ফেডারেটেড ফার্মার্স অব নিউজিল্যান্ড’ এর সভাপতি ও দুগ্ধ খামারি অ্যান্ড্রু হগার্ড বিবিসি-কে বলেছেন, তিনি কর পরিকল্পনাকে সাধুবাদ জানাচ্ছেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডে কৃষিকাজ বন্ধ না করে এর বিকল্প একটি উপায় বের করার জন্য আমরা দীর্ঘদিন ধরে সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করে আসছি। তাই এ পরিকল্পনায় আমরা সন্তুষ্ট।

নিউজিল্যান্ডের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, কর স্কীম থেকে সংগৃহীত অর্থ কৃষকদের জন্য গবেষণা, উন্নয়ন এবং উপদেষ্টা পরিষেবায় বিনিয়োগ করা হবে।