শিগগিরই ১২ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে পারে ভারত
গত মাসে হঠাৎ করে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। ফলে দেশটির বিভিন্ন বন্দরে গমের টন টন চালান আটকা পড়ে যায়। বন্দরে আটকা পড়া ওই সব কার্গো খালি করতে ভারত সরকার শিগগির ট্রেডারদের প্রায় ১২ লাখ টন গম সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে।
সরকারি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়। ওইসব গমের বেশিরভাগই আসবে বাংলাদেশে।
এছাড়া শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সসহ আরও কয়েকটি দেশে গমের চালান যাবে বলে জানায় একটি গ্লোবাল ট্রেডিং ফার্মের দিল্লি ভিত্তিক ট্রেডার।
বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা ভারতীয় গমের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রতিকূল আবহাওয়ার কারণে গমের উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীন বাজার স্থিতিশীল রাখতে গত ১৪ মে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।
তবে তারা এও বলেছিল, বিদেশ থেকে যারা ভারতীয় গম আমদানির জন্য এরই মধ্যে এলসি খুলে ফেলেছে এবং সেসব দেশ ‘জরুরি খাদ্য চাহিদা মেটাতে’ গম সরবরাহ করতে অনুরোধ করবে তাদের গম দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তা বলেন, গত ১৪ মের আগে যেসব এলসি খোলা হয়েছে সেই ভিত্তিতে গম রপ্তানির জন্য সরকার নিবন্ধন সনদ জারি করবে।
নিষেধাজ্ঞা জারির পর ভারত চার লাখ ৬৯ হাজার টনের বেশি গম রপ্তানি করতে দিয়েছে। কিন্তু এখনও বন্দরে অন্তত ১৭ লাখ টন গম পড়ে আছে।
সামনেই বৃষ্টির মৌসুম শুরু হচ্ছে। ওই সময়ে বন্দরে পড়ে থাকা গম নষ্ট হয়ে যেতে পারে উদ্বেগ থেকেই ওই গম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক ভারতীয় কর্মকর্তা বলেন, ‘‘যেসব ট্রেডারের কাছে বৈধ এলসি আছে তাদের রাপ্তানির অনুমতি দেওয়া হবে। কিন্তু যারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারবেন না তাদের অনুমতি দেওয়া হবে না।”
ফলে প্রয়োজনীয় অনুমতিপত্রের অভাবে বন্দরে আরো প্রায় পাঁচ লাখ টন গমে পড়ে থাকবে বলে জানান কর্মকর্তারা।
যে সব ট্রেডার রপ্তানির অনুমতি পাননি তারা দিল্লির কাছে অনুরোধ করেছেন সরকার যেন তাদের বিদেশে গম পাঠাতে অনুমতি দেয়।
এ বিষয়ে দিল্লির একজন ট্রেডার বলেন, ‘‘এই ব্যবসায়ীরা সরকারের কাছে সরকার থেকে সরকার চুক্তির অধীনে তাদের রপ্তানির অনুমতি দিতে বলছেন।”
“এছাড়া এইসব ব্যবসায়ীরা ওইসব ট্রেডার যারা রপ্তানির অনুমতি পেয়েছেন, তাদের অনুরোধ করছেন বন্দরে কার্গোতে পড়ে থাকা তাদের গম কিনে নিতে।”
