২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বার্লিনে নিষিদ্ধ রাশিয়া ও ইউক্রেইনের পতাকা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের প্রতিষ্ঠা বার্ষিকীতে জার্মানির রাজধানী বার্লিনে যুদ্ধের স্মরণে বানানো দুইটি মেমোরিয়ালের সামনে রাশিয়া ও ইউক্রেইনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2022, 11:10 PM

Updated : 14 Jul 2022, 05:55 PM

রোববার ও সোমবার দুইদিন ধরে ওই অনুষ্ঠান হবে। ওই দুইদিন নিজেদের স্বাধীনতা ঘোষণা করা দোনেৎস্ক এবং লুহান্সক পিপুলস রিপাবলিক এবং রাশিয়ার যুদ্ধ চিহ্ন ‘ভি’ (V) এবং ‘জেড’ (Z) প্রদর্শন করাও যাবে না। 

বিবিসি জানায়, বার্লিন পুলিশের এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মানিতে ইউক্রেইনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলনিক।

তিনি বলেন, ‘‘বার্লিন পুলিশ আগামী ৮ ও ৯ মে ইউক্রেইনের পতাকা নিষিদ্ধ করায় আমরা হতবাক হয়েছি।

‘‘এটা ইউক্রেইন এবং ইউক্রেইনের জনগণের মুখে চপেটাঘাত।”

রাশিয়া ৯ মে নাৎসি জার্মানির বিরুদ্ধে তাদের বিজয় উদযাপন করে। অন্যদিকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের বার্ষিকী উদযাপন করা হয়।