২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল ডিপোতে হামলায় ইউক্রেইন দায়ী, শান্তি প্রক্রিয়া নস্যাৎ হচ্ছে: রাশিয়া

রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের ডিপোতে আগুনের ঘটনায় ইউক্রেইনকে দায়ী করে ক্রেমলিন বলেছে, দুটি ইউক্রেইনীয় হেলিকপ্টার সেখানে হামলা চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 09:46 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হামলার জন্য ইউক্রেইনকে দোষারোপ করেছেন।

তিনি বলেন, এতদিন পর্যন্ত কিইভের সঙ্গে শান্তি আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। কিন্ত এখন এই ঘটনাকে আর আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উপযোগী পরিবেশ তৈরিতে সহায়ক হিসাবে দেখা যায় না।

ইউক্রেইন সীমান্তের নিকটবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূচনা হয় স্থানীয় সময় শুক্রবার সকালে।

ইউক্রেইনের সীমান্ত থেকে উত্তরপূর্বে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৬টা থেকেই আগুনের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু করে।

এ অগ্নিকাণ্ডের জন্য এর আগে বেলগোরোদ অঞ্চলের গভর্নরও ইউক্রেইনের সামরিক হেলিকপ্টারের হামলাকে দায়ী করেছিলেন। তবে এ ঘটনার দায় ইউক্রেইন স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেনি।

বিবিসি জানায়, ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, সামরিক অভিযান সম্পর্কে তথ্য না থাকায় তাদের বাহিনী রাশিয়ার তেলের ডিপোতে হামলা চালিয়েছে কিনা সেটি তারা নিশ্চিত কিংবা অস্বীকার কোনওটিই করতে পারছে না।

ওদিকে, ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালাচ্ছে। তার মানে এই নয় যে, রাশিয়ার ভূখন্ডে যে কোনও বিপর্যয়ের জন্য ইউক্রেইনই দায়ী।

ইউক্রেইনে সীমান্তের কাছে রাশিয়ার তেলের ডিপোতে আগুন

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, রাশিয়ার ভেতরে তেলের মজুদকে নিশানা করে ইউক্রেইনের সামরিক হেলিকপ্টারের হামলার খবরে চলমান শান্তি প্রক্রিয়ার উপযোগী পরিবেশ বিনষ্ট হচ্ছে।

রুশ কর্তৃপক্ষ তেলের ডিপো থেকে জ্বালানি সরবরাহ আবার চালু করার জন্য যথাসম্ভব সবকিছু করছে বলে জানান তিনি।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর গ্লাদকভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, দুই ইউক্রেইনীয় সামরিক হেলিকপ্টার হামলায় তেলের ডিপোতে আগুন ধরেছে। হেলিকপ্টারগুলো খুব নিচু দিয়ে উড়ে রাশিয়ার ভূখন্ডে ঢুকেছিল।

তবে হামলায় কেউ নিহত হয়নি বলে জানান তিনি। জরুরি সেবা কর্মীরা যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা করছে এবং বসিন্দাদের জন্যও কোনও হমকি নেই, বলেন গ্লাদকভ।

রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, তেলের ডিপোর আশেপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হামলার ঘটনায় ডিপোতে দুইজন আহত হয়েছে।

ডিপোর ৮ টি তেলের ট্যাংকে আগুন ধরে গেছে এবং প্রায় ২০০ অগ্নিনির্বাপনকর্মী ঘটনাস্থলে কাজ করছে।

তেলের ডিপোতে হামলা নিয়ে রাশিয়ার অভিযোগ নিশ্চিত হলে এটিই হবে রাশিয়ার আকাশসীমায় গিয়ে ইউক্রেইনের প্রথম বিমান হামলার ঘটনা।