২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের কাছে ‘নেটোর সামরিক উপস্থিতির বিরুদ্ধে রাশিয়া’

আফগানিস্তানের সীমান্তবর্তী দেশগুলোতে যুক্তরাষ্ট্র বা নেটোর সামরিক স্থাপনার উপস্থিতি অগ্রহণযোগ্য বলে বিবেচনা করে মস্কো, বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 01:23 PM

Updated : 28 Apr 2022, 11:59 PM

বৃহস্পতিবার চীনের আনহুই প্রদেশের প্রাচীন শহর থুনিশিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মন্ত্রীপর্যায়ের তৃতীয় বৈঠকে ল্যাভরভ এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

এ বৈঠকে চীন ও রাশিয়ার পাশাপাশি ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। 

২০০১ সালে পাঁচ বছরের তালেবান শাসনের অবসান ঘটিয়ে আফগানিস্তানের দখল নিয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো ও তাদের মিত্র দেশের বাহিনীগুলো। তখন রাশিয়া ও চীন, যুক্তরাষ্ট্র ও নেটোর অভিযানে সমর্থন যুগিয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রতিবেশী উজবেকিস্তানে ও নিকটবর্তী কিরগিজস্তানে অস্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছিল।

উজবেকিস্তানের মার্কিন ঘাঁটি ২০০৫ সালে ও কিরগিজস্তানেরটি ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়।

বৈঠকে ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) মধ্য এশিয়ার দেশগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার ও সেখান থেকে রাশিয়ায় অস্থিরতা ছড়ানোর পরিকল্পনা করছে।

জঙ্গি গোষ্ঠীটির এ পরিকল্পনা নিয়ে রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “বিশেষ উদ্বেগের বিষয় হচ্ছে, ইসলামিক স্টেট ও এর মিত্ররা মধ্য এশিয়ার দেশগুলোকে অস্থিতিশীল করে এ অস্থিরতা রাশিয়ার রপ্তানি করার পরিকল্পনা করেছে।”

আফগানিস্তান-তাজিকিস্তান ও আফগানিস্তান-উজবেকিস্তান সীমান্তে জামাত আনসারুল্লাহ ও ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান তাদের শক্তি বৃদ্ধি করছে বলে জানিয়েছেন তিনি।

“ইসলামিক স্টেট, আল কায়েদা, জামাত আনসারুল্লাহ, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, ইস্টার্ন তুর্কেস্তান ও অন্যান্য আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এর পাশাপাশি আফগানিস্তানের ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্টের পানশির গেরিলারা বাড়তি উদ্বেগ তৈরি করছে। এসব পরিস্থিতির কারণে আফগানিস্তানকে স্থিতিশীল দেশ বলা যাবে না,” বলেছেন ল্যাভরভ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করে তাদের সেনা প্রত্যাহার শুরু করলে তালেবান কাবুল সরকারের বাহিনীগুলোর বিরুদ্ধে আক্রমণ শুরু করে।

২০২১ এর ১৫ অগাস্ট তালেবান যোদ্ধারা তেমন কোনো বাধা ছাড়াই কাবুলে প্রবেশ করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আফগানিস্তানের তৎকালীন মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি জানান, রক্তপাত এড়াতে ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি আর এর পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান। 

৬ সেপ্টেম্বর তালেবান জানায়, তারা পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়েছে আর এর কয়েকদিনের মধ্যে তারা নতুন অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেয়। কিন্তু এ পর্যন্ত তালেবানের এই সরকারকে বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি।

আফগানিস্তানে থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই দেশটির সীমান্তবর্তী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কেমেনিস্তানে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রেখে রাশিয়া তার প্রভাব ধরে রাখে।