বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের ‘চোরা’ উপ-ধরন বিএ.টু
বিশ্বজুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ওমিক্রন ধরনের একটি উপ-ধরন, যেটি বিএ.টু নামে পরিচিত।
এশিয়া ও ইউরোপের বহু দেশে এই উপ-ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রেও কোভিডের নতুন ঢেউ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে এই উপ-ধরন।
বিএ.টু সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে তা নিচে উল্লেখ করা হল:
অধিক সংক্রামক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্তদের প্রায় ৮৬ শতাংশ বিএ.টু সাব-ভ্যারিয়েন্ট বা উপধরনে সংক্রমিত।
এটি ওমিক্রন ধরনের আরও দুইটি উপ-ধরন বিএ.ওয়ান এবং বিএ.ওয়ান.ওয়ান থেকেও অধিক সংক্রামক। তবে এখন পর্যন্ত বিএ.টু সম্পর্কে যেটুকু জানা গেছে, তাতে এটি মানুষকে গুরুতর অসুস্থ করতে পারে না।
ওমিক্রন পরিবারের অন্যান্য ধরনের মতো বিএ.টু এর বিরুদ্ধেও টিকা খুব একটা কার্যকর নয়। টিকার ফলে মানবদেহে যে অ্যান্টিবডি তৈরি হয় সময়ের সঙ্গে সঙ্গে বিএ.টু এর বিরুদ্ধে সেটি প্রতিরোধ ক্ষমতা হারাতে থাকে।
তবে যুক্তরাজ্যের হেল্থ সিকিউরিটি এজেন্সির পরিসংখ্যান অনুযায়ী, টিকার বুস্টার ডোজ গ্রহণ করলে শরীরে প্রতিরোধ ক্ষমতা পুনরায় বাড়ে। বিশেষ করে হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি প্রতিরোধ করতে পারে।
বৈশ্বিক চিত্র
চীনে সম্প্রতি যে রেকর্ড সংক্রমণ দেখা গেছে সেটির জন্য বিএ.টু কে দায়ী করা হচ্ছে। এমনকি জার্মানি ও যুক্তরাজ্যের মত ইউরোপের দেশগুলোতেও সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য বিএ.টু ধরনকে দায়ী করা হচ্ছে।
যদিও ইউরোপের কয়েকটি দেশে নতুন আক্রান্তের গতি কমেছে, কোথাও কোথাও হ্রাস পেয়েছে।
বিএ.টুকে ‘চোরা ধরন’ (স্টেলথ ভ্যারিয়েন্ট) বলেও ডাকা হচ্ছে। কারণ এটিকে শনাক্ত করা কিছুটা কঠিন। বিশেষ করে সাধারণ পিসিআর মেশিনে।
বিএ.টু এবং এর সহদোর বিএ.থ্রি কে শুধুমাত্র জিনম সিকুয়েন্সের মাধ্যমে শনাক্ত করা যাচ্ছে। বিএ.থ্রি এখনও সেভাব না ছড়ালেও এই ধরনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
পুনঃসংক্রমণ
যারা এরই মধ্যে বিএ.ওয়ান ধরনে সংক্রমিত হয়েছেন তারা কী আবারও বিএ.টু সংক্রমিত হবেন? এ প্রশ্নই এখন মূল উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
কারণ, কয়েকটি দেশ খুব কম সময়ের ব্যবধানে ‘দুইবার সংক্রমণের চূড়া’ দেখেছে। যেটা খানিকটা বিস্ময়কর।
যদিও যুক্তরাজ্য এবং ডেনমার্কের পরিসংখ্যান বলছে, যারা করোনাভাইরাসের অন্যান্য ধরন, যেমন- ডেল্টাতে আক্রান্ত হয়েছেন, ওমিক্রন তদেরও পুনরায় আক্রান্ত করতে পারে।
তবে যারা বিএ.ওয়ান ধরনে একবার সংক্রমিত হয়েছেন, তাদের বেলায় হাতেগোণা কয়েকজন পুনরায় বিএ.টু তে আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি বিএ.টু উপ-ধরনের সংক্রমণ বাড়ার সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে একই সময়ে বিশ্বের অনেক দেশে গণস্বাস্থ্য বিষয়ক নানা বিধি তুলে নেওয়া।
বাল্টিমোরের জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেল্থের ভাইরোলজিস্ট ডা. অ্যান্ড্রু পিকোজ বলেন, ‘‘এমনও হতে পারে, যেহেতু লোকজন মাস্ক পরা বন্ধ করে দিয়েছে, তাই বিএ.টু সব জায়গায় ছড়িয়ে পড়ছে।”
অন্যান্য মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে বিএ.টু’র বড় ধরনের ঢেউ দেখা যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
তবে বিশ্বে বিএ.টু সংক্রমণ বাড়ার কারণ যাই হোক না কেন, বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস যে এখনও ক্ষতির কারণ হয়ে আছে, বিশেষ করে টিকা না নেওয়া এবং দুর্বল মানুষদের জন্য; বিএ.টু এর বিস্তার সেকথাই মনে করিয়ে দিচ্ছে।
স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মার্ক উলহাউজের মতে, “এটি এখনও জনসাধারণের জন্য একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এ সমস্যা চলতেই থাকবে।”
