২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে বৈঠকে কিছু খাবেন না, পান করবেন না: ইউক্রেইনের মন্ত্রী

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে যাওয়া ইউক্রেইনের প্রতিনিধিদের কোনো কিছু খেতে অথবা পান না করতে এবং সম্ভব হলে কোথাও স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 05:11 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

ইউক্রেইনের ইকপায়েখা টোয়েন্টিফোর নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কুলেবা এসব কথা বলেছেন, জানিয়েছে বিবিসি।

চলতি মাসের প্রথমদিকে ইউক্রেইন-বেলারুশের সীমান্তে শান্তি আলোচনায় অংশ নেওয়ার সময় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ ও ইউক্রেইনের মধধ্যস্থতাকারীদের বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। ওই অভিযোগের সূত্র ধরেই কুলেবা এ সতর্কতা জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  

কথিত ওই বিষ প্রয়োগের অভিযোগ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স অনামা কয়েকজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আব্রামোভিচ ও ইউক্রেইনীয় ওই কর্মকর্তাদের লক্ষণগুলো বিষের কারণে নয়, সম্ভবত ‘পরিবেশগত’ কারণে হয়েছে বলে গোয়েন্দারা তথ্য দিয়েছেন।

ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেইন শান্তি আলোচনা শুরু

‘মধ্যস্থতাকারী হয়ে’ ইস্তাম্বুলে আব্রামোভিচ  

রাশিয়ার মনোনীত মধ্যস্থতাকারী হিসেবে আব্রামোভিচ ইস্তাম্বুলের শান্তি আলোচনায় যোগ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তুরস্কের গণমাধ্যমে শান্তি আলোচনায় তার উপস্থিত থাকার ছবিও প্রদর্শিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।