‘মধ্যস্থতাকারী হয়ে’ ইস্তাম্বুলে আব্রামোভিচ
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ রাশিয়ার মনোনীত মধ্যস্থতাকারী হিসেবে ইস্তাম্বুল নেমেছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
কালিন নিশ্চিত করার আগেই তাস ইস্তাম্বুলে আব্রামোভিচকে দেখতে পাওয়ার কথা জানিয়েছিল।
“আব্রামোভিচ তুরস্কে এসেছেন মধ্যস্থতাকারী দলের অংশ হিসেবে; বা, দলের অংশ হিসেবে নয়, অন্যভাবে বললে, তিনি প্রেসিডেন্ট পুতিন মধ্যস্থতাকারী হিসেবে যাদেরকে মনোনয়ন দিয়েছেন, তাদের একজন হিসেবে এসেছেন,” বলেছেন কালিন।
আব্রামোভিচ ইউক্রেইনের সঙ্গে আলোচনার একেবারে প্রাথমিক পর্যায়ে অংশ নিয়েছিলেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আগে জানিয়েছিলেন।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে হামলা শুরু করে; এর চারদিন পরই মস্কো-কিইভ আলোচনা শুরু হয়। পরে ১০ মার্চ তুরস্কের আনতালিয়ায় কূটনৈতিক এক আয়োজনের সাইডলাইনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেইনের দিমিত্র কুলেবার বৈঠক হয়।
দুই পক্ষের মধ্যে বেশ কয়েকদফা ভিডিও লিংকের মাধ্যমেও আলোচনা হয়েছে।
মঙ্গলবার ইস্তাম্বুলের বসফোরাস প্রণালী তীরবর্তী দপ্তর দলমাবাচে প্রাসাদে মস্কো ও কিইভের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন।
প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় পর দুই পক্ষ মুখোমুখি আলোচনায় বসলেও এ থেকে বড় ধরনের কোনো সাফল্য আসবে, এমনটি আশা করা হচ্ছে না।
মঙ্গলবার আলোচনাস্থলে উপস্থিত হওয়া আব্রামোভিচের ছবি প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম আরআইএ ; ছবিতে তাকে সুস্থ মনে হয়েছে, জানিয়েছে বিবিসি।
রাশিয়া-ইউক্রেইন শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে গিয়ে কিইভে অবস্থানের সময় মস্কোর কট্টরপন্থিরা রুশ এ ধনকুবেরকে বিষ প্রয়োগ করেছিল বলে তার মুখপাত্রের দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যম সরগরম ছিল।
ক্রেমলিন পরে জানিয়েছে, আব্রামোভিচকে বিষ দেওয়ার অভিযোগ নিয়ে যেসব প্রতিবেদন এসেছিল সেগুলো পশ্চিমাদের ‘তথ্য যুদ্ধের’ অংশ।
ছবিতে দেখা গেলেও তুরস্কে আলোচনার জন্য যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে, আব্রামোভিচ তার আনুষ্ঠানিক সদস্য নন, বলেছে তারা।
