২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবন্ধুদেশগুলো থেকে রাশিয়ায় প্রবেশে কড়াকড়ি আরোপ হচ্ছে

ইউক্রেইনে সামরিক অভিযানের পর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় প্রায় এক ঘরে হয়ে পড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবন্ধু দেশের তালিকা তৈরি করেছেন আগেই। এবার সেইসব অবন্ধু দেশ থেকে রাশিয়ায় প্রবেশের ওপর কড়াকড়ির পদক্ষেপ আসতে চলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 01:23 AM

Updated : 28 Apr 2022, 11:58 PM

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ টিভিতে এক মন্তব্যে বলেছেন, “বিদেশি রাষ্ট্রগুলোর অবন্ধুসুলভ আচরণের পাল্টা জবাবে ভিসার ওপর কড়াকড়ি আরোপের জন্য প্রেসিডেন্টের একটি খসড়া ডিক্রি প্রস্তুত করা হচ্ছে। এতে ওইসব অবন্ধু দেশের নাগরিকদের রাশিয়ায় প্রবেশের ওপর বেশকিছু বিধিনিষেধ আরোপ হবে।”

তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি ল্যাভরভ। রাশিয়া প্রথমে অবন্ধু দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে রেখেছিল, যারা যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, রুশ বিমানের জন্য নিজেদের আকাশ বন্ধ করে দিয়েছে।

পরে রাশিয়া এ তালিকায় আরও দেশকে অন্তর্ভুক্ত করে। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের পাশাপাশি এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় রেখেছে রাশিয়া। যোগ করা হয়েছে তাইওয়ানের নামও, যাকে চীন নিজেদের অংশ বলেই মনে করে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো জোটে ইউক্রেইনের যোগ দেওয়ার আগ্রহের ঘোর বিরোধী রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি তার প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান শুরু করে।

এরপর খোদ পুতিনসহ রাশিয়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা।

আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক প্ল্যাটফর্ম সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড এবং অ্যাপল পে ও গুগল পে সেবা থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটি।

পুরনো খবর:

‘অবন্ধু’ দেশের তালিকা করছে রাশিয়া